Logo Logo

কর্ণফুলীতে মাদক ও ধূমপানকে ‘লাল কার্ড’ প্রদর্শন, প্রতিরোধে সচেতনতামূলক সভা


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাদক ও ধূমপান প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিএম জসীম উদ্দিন হায়দার, প্রধান শিক্ষক আয়মন আক্তার, অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক টিটু কান্তি পাল।

এছাড়া সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধূমপানের স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব ও এর আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা এবং শিক্ষার্থীদের বই পড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতি উৎসাহিত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে মাদক ও ধূমপানকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন এবং এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, আমাদের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সচেতনতা, সুস্থ চিন্তা ও সুন্দর অভ্যাসের মধ্য দিয়েই গড়ে উঠবে মাদক ও ধূমপানমুক্ত একটি সুন্দর বাংলাদেশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...