Logo Logo

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব


Splash Image

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত তিন-চার মৌসুম ধরেই ক্রিকেটপাড়ায় সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল—পরবর্তী আসরে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না? প্রতিবারই সেই উত্তর ঝুলে থাকলেও অবশেষে সব জল্পনার অবসান ঘটল। নতুন আরেকটি মৌসুম শুরুর আগেই আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হচ্ছে না; বরং নতুন ভূমিকায় দলটির ডাগআউটেই থাকছেন ‘থালা’ খ্যাত এই তারকা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিনে চূড়ান্ত সময়সীমার মাত্র কয়েক ঘণ্টা আগে পেশাদার ক্রিকেটার হিসেবে আইপিএল অধ্যায়ের ইতি টানেন ৪৫ বছর বয়সী ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্ব দিয়ে দলটিকে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়ক এবার ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করবেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে চেন্নাই সুপার কিংস ধোনির নতুন ভূমিকার বিষয়টি নিশ্চিত করে জানায়, চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার সঙ্গে পাওয়া অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি ফ্র্যাঞ্চাইজিটির হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যাত্রাপথের শুরু থেকেই তিনি দলের প্রাণ ছিলেন; চেন্নাইকে গৌরবের শিখরে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো—‘থালা’ সর্বদা তাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন এবং চেন্নাই চিরকালই তার ঘর হয়ে থাকবে।

ধোনির এই বিদায় ও নতুন যাত্রা নিয়ে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসন আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, এমএস ধোনি ছাড়া সিএসকে কল্পনাও করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়-পরাজয় ও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে তারা পরস্পরের হাত ধরে এগিয়েছেন। তাদের এই সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে পারস্পরিক অগাধ আস্থাই মূল কারণ বলে উল্লেখ করেন তিনি।

১৮ বছর আগে ধোনিকে দলে ভেড়ানোর স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, ২০০৮ সালে তিনি জোর দিয়ে বলেছিলেন যে ধোনিকে সিএসকের অংশ হতেই হবে, যা পরবর্তী সময়ে তার জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। তবে কেবল মাঠের সাফল্যের জন্য নয়, বরং মানুষ হিসেবে ধোনি যেমন, সে কারণেই তিনি সবসময় চেন্নাইয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং ফ্র্যাঞ্চাইজিটি আজীবন তার নিজের ঘর হয়ে থাকবে বলে জানান সিএসকে মালিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...