বিজ্ঞাপন
তবে পর্যাপ্ত অভিজ্ঞতা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো ছাড়াই শুধুমাত্র একটি ফেসবুক গ্রুপ বা পেজ খুলে রাতারাতি 'সংগঠনের প্রতিষ্ঠাতা' বনে যাওয়ার প্রবণতা এখন নতুন এক সংকটের জন্ম দিচ্ছে। এতে রক্তদান কার্যক্রমে গতি আসার বদলে স্বেচ্ছাসেবকদের মধ্যে বিভক্তি, সমন্বয়হীনতা এবং অভ্যন্তরীণ বিভেদ প্রকট হয়ে উঠছে।
স্বেচ্ছাসেবী অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিদের মতে, প্রতিটি এলাকায় বা পাড়ায়-মহল্লায় ব্যাঙের ছাতার মতো অসংখ্য সংগঠন গড়ে ওঠায় প্রকৃত রক্তদাতারা বিভ্রান্ত হচ্ছেন। একদিকে যেমন একই রক্তদাতা একাধিক গ্রুপে যুক্ত থাকায় জরুরি মুহূর্তে রক্ত ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি পদ-পদবি ও কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মূল মানবিক উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, নতুন সংগঠনগুলো কেবল নিজেদের প্রচারণায় ব্যস্ত থাকে, কিন্তু মাঠপর্যায়ে নতুন রক্তদাতা তৈরি বা রক্তদানের ভীতি দূর করার মতো মৌলিক কাজগুলোতে তাদের তেমন কোনো ভূমিকা থাকে না।
বিশেষজ্ঞ ও প্রবীণ স্বেচ্ছাসেবকরা মনে করেন, সমাজে অসংখ্য সংগঠনের চেয়ে প্রয়োজন সচেতন ও নিয়মিত রক্তদাতা। তাঁদের ভাষ্যমতে, "আমরা যত বেশি সংগঠন তৈরি করছি, তত বেশি বিভক্ত হচ্ছি। আসুন, ঘরে ঘরে নতুন সংগঠন না খুলে প্রতিটি ঘরে অন্তত একজন করে স্বেচ্ছায় রক্তদাতা তৈরি করি। তবেই রক্তের অভাবে আর কোনো প্রাণ ঝরবে না।"
দেশে প্রতিদিন দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মায়ের জটিলতা এবং থ্যালাসেমিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। এই বিশাল চাহিদা পূরণ করতে হলে নতুন নতুন নামসর্বস্ব সংগঠন না খুলে, প্রতিষ্ঠিত ও কার্যকর সংগঠনগুলোর ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে রক্তদানের গুরুত্ব তুলে ধরে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করতে পারলে রক্তের সংকট স্থায়ীভাবে নিরসন করা সম্ভব।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তরুণ প্রজন্ম পদ-পদবি বা সংগঠনের প্রতিষ্ঠাতা হওয়ার মোহ ত্যাগ করে প্রকৃত মানবিকতায় উদ্বুদ্ধ হবে। বিভক্তি ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এবং ঘরে ঘরে রক্তদাতা গড়ে তুলতে পারলেই কেবল একটি রক্তস্নাত নিরাপদ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...