Logo Logo

তিন মন্ত্রীর উপস্থিতিতে নাশকতা বিরোধী গনমিছিল, উত্তাল সিলেট।


Splash Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সিলেট মহানগর ও জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে ফেরার বিষয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি কবে দেশে ফিরবেন, তা নিয়ে সময় নির্ধারণের প্রয়োজন নেই; চাইলে এখনই ফিরতে পারেন। তবে দেশে ফিরলে তাকে আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। জনগণের ওপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন। যেকোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় তাঁরা সজাগ রয়েছেন। গণমিছিলের মাধ্যমে জনগণকে সেই বার্তাই দেওয়া হচ্ছে। এ সময় তিনি মিছিলে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সমাবেশে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের কোথাও সন্ত্রাসীদের অপতৎপরতার খবর পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে সিলেটসহ দেশের কোথাও অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া যাবে না। পরে তিনি গণমিছিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতার কোনো স্থান নেই। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি গণমিছিল রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...