Logo Logo

আকীদা ও ঈমান রক্ষায় আপসহীন থাকার আহ্বান পীর সাহেব ছারছীনার


Splash Image

আগে আকীদা ঠিক করতে হবে এবং আকীদার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারউদ্দীন আহমেদ হুসাইন (মাঃজিঃআঃ)।


বিজ্ঞাপন


তিনি বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। কিন্তু কোনো অবস্থাতেই ঈমান বিক্রি করা যাবে না। নামধারী ইসলামী আন্দোলনকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইছালে সওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঈমান, আকীদা ও ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন তিনি।

বর্তমান সময়ের ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গে আমীরে শরিয়ত ও তরিকত ছারছীনার পীর সাহেব বলেন, অধিকাংশ ওয়াজ-নসিহত এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। ইবাদতের নামে বিভিন্নভাবে প্রতারণা চলছে। অথচ ইবাদতের মূল শর্ত হলো ইখলাস ও খুলুসিয়াত। সব ইবাদত একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মৌলিক বিষয়গুলোতে ভুল হলে সবকিছুই শেষ হয়ে যাবে।

নিয়ত শুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে নিয়ত ঠিক করতে হবে। যার নিয়ত যেমন, তার আমলও তেমন হবে। মহান আল্লাহ তায়ালা বান্দার অন্তর দেখেন। লোক দেখানো কোনো কাজই তিনি পছন্দ করেন না। তাই আমাদের সব কাজ একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিল ও সম্মেলনে পীর সাহেবের সফরসঙ্গী, স্থানীয় উলামায়ে কেরাম, দরবারের ভক্ত-মুরিদান এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক- জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...