Logo Logo

বিলাইছড়িতে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত


Splash Image

রাঙ্গামাটির বিলাইছড়িতে অপুষ্টিতে আক্রান্ত ১৭২ শিশুকে শনাক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। এর মধ্যে ৩৪ শিশু তীব্র অপুষ্টিতে (SAM) এবং ১৩৮ শিশু মাঝারি তীব্র অপুষ্টিতে (MAM) আক্রান্ত। প্রকল্পটির কার্যক্রম ও অর্জন নিয়ে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নাধীন ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।

আশিকার ম্যানেজার (অ্যাডমিন) ডা. ঝুমালিয়া চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।

প্রকল্পের উপজেলা সমন্বয়ক রবীন চন্দ্র চাকমা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সভা সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন সিএসচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আনন্দ তঞ্চঙ্গ্যা, কার্বারি থুইপ্রু মার্মাসহ অন্যরা। সভায় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যে ৩৪ জন তীব্র অপুষ্টিতে (SAM) এবং ১৩৮ জন মাঝারি তীব্র অপুষ্টিতে (MAM) আক্রান্ত শিশুকে শনাক্ত করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ উদ্যোগের প্রশংসা করে তাঁরা উপজেলায় শিশুদের পুষ্টিগত অবস্থার উদ্বেগজনক চিত্র নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা বলেন, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এর মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্যোগগুলো চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, শিশুদের অপুষ্টি নিয়ে জন্ম নেওয়া প্রতিরোধে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে মা ও শিশুর যথাযথ যত্ন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে অপুষ্টির সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

প্রসঙ্গত, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নাধীন এটি একটি পাইলট প্রকল্প। সমন্বিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু ও তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা এবং সামগ্রিক কল্যাণ উন্নয়ন এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় শনাক্ত হওয়া SAM আক্রান্ত শিশুর পরিবারকে পুষ্টিকর খাদ্য সহায়তা হিসেবে ২ হাজার ৫৫০ টাকা এবং MAM আক্রান্ত শিশুর পরিবারকে ১ হাজার ৮৩৫ টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া সম্পদ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত SAM ও MAM আক্রান্ত শিশুদের পরিবারকে আয়বর্ধক কর্মকাণ্ডে সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য খাবারের বাটি ও চামচ এবং পরিবারের জন্য স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থাও করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...