Logo Logo

জনবল সংকটে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ব্যাহত চিকিৎসাসেবা


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তীব্র জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় প্রয়োজনীয় অস্ত্রোপচার ও সংশ্লিষ্ট চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ।


বিজ্ঞাপন


চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মচারীর সংকটের পাশাপাশি অপর্যাপ্ত বাজেট বরাদ্দের কারণে হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও নানা সমস্যা তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতাল হিসেবে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল থাকার কথা থাকলেও বাস্তবে জনবলের ঘাটতি রয়েছে। এতে রোগীদের প্রত্যাশিত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে এবং জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় এর প্রভাব পড়ছে।

হাসপাতালের আঙিনা ও আশপাশের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অপর্যাপ্ত বাজেট বরাদ্দের কারণে হাসপাতালের ইয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীমদেব মণ্ডল জানান, চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় জনবল চেয়ে ইতোমধ্যে রিকুইজিশন পাঠানো হয়েছে এবং দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতালে রোগীদের খাবারের মান ও সরবরাহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুটা অনিয়মের কথা স্বীকার করেন এবং এ বিষয়ে তাঁর করণীয় সীমিত বলে মন্তব্য করেন।

অন্যদিকে, জরুরি বিভাগের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি জনবল সংকটকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

হাসপাতালটির জনবল ও বাজেট সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্থানীয় সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...