বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণের দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। ফলে ৪৮ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম মোট ৩০ হাজার ৩৮৪ টাকা পর্যন্ত কমেছে।
বর্তমানে দেশে সবচেয়ে উন্নত মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্স সমিতি নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারিত হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বড় অংকে কমানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪৫৫ টাকা কমে ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩০২ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়েছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম মাসেই স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ১৩ বার বৃদ্ধি এবং ৫ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন দেখা গিয়েছিল।
স্বর্ণের বাজারে এমন নজিরবিহীন দরপতন সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...