Logo Logo

তারেক রহমান

নারীদের যারা ঘরে আটকে রাখতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়


Splash Image

খুলনায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে পেছনে রেখে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং তাদের নেতৃত্বকে অস্বীকার করে জনসমক্ষে অপমানিত করছে। এমন মানসিকতাসম্পন্ন নেতৃত্বের হাতে দেশ ও মানুষের সম্মান কখনও নিরাপদ হতে পারে না।


বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তারেক রহমান একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। কর্মজীবী নারীদের নিয়ে তিনি যে শব্দ ব্যবহার করেছেন, তা এদেশের মানুষের জন্য কলঙ্কস্বরূপ। বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান অপরিসীম; ৫০ লাখ নারী শুধু গার্মেন্টস শিল্পেই কাজ করছেন। ওই নেতা সরাসরি আমাদের মা-বোনদের অসম্মানিত করেছেন।”

বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, “যেখানে আমাদের মহানবীর (সা.) প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মমুখী নারী, সেখানে আজ ধর্মের দোহাই দিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা চলছে। যারা নারীদের অপমান করছে, তারা মূলত ইসলামের সঠিক আদর্শ থেকে বিচ্যুত।”

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, “নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর যখন তীব্র নিন্দা শুরু হলো, তখন তারা দাবি করছে তাদের আইডি হ্যাক হয়েছে। কিন্তু তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। নির্বাচনের আগে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশবাসীর সামনে মিথ্যা তথ্য তুলে ধরছে। যারা নির্বাচনের আগে এমন নির্জলা মিথ্যা বলতে পারে, তারা কখনও দেশদরদী হতে পারে না। তাদের দরদ কেবল নিজেদের অনুসারীদের জন্য।”

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করা হবে। তিনি মনে করিয়ে দেন, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়াই উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ১৯৭১ সালে নারীদের ওপর যে অবমাননা চালানো হয়েছিল, তার পুনরাবৃত্তি রোধে এবং নারী সমাজের মর্যাদা রক্ষায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...