Logo Logo

কমার ২৪ ঘণ্টা পরই বাড়ল সোনার দাম


Splash Image

দেশের বাজারে সোনার অস্থিরতা থামছেই না। শুক্রবার দাম কমানোর মাত্র ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জানানো হয়েছে, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি এখন দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়।

শনিবার সকাল ১০টায় বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম নির্ধারণের খবর নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্ধারিত এই মূল্য আজ সকাল থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় কেনাবেচা হবে। গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনার বাজারমূল্য ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

সোনার দাম দফায় দফায় বাড়লেও রুপার বাজারে বর্তমানে স্থিতিশীলতা বিরাজ করছে। বাজুসের তথ্যমতে, রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও আজ সোনার দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৬৬ ডলারে পৌঁছেছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার। যদিও জানুয়ারির শেষের দিকে এই দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল, যার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড মূল্য বৃদ্ধি পায়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে একলাফে সোনার দাম সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তখন ভালো মানের এক ভরি সোনার দাম পৌঁছেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় বাজারে বারবার দামের এই ওঠানামায় জুয়েলারি ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের মধ্যেও চরম উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...