Logo Logo

আমি এখন সবার এমপি, সবাই সমান সুযোগ পাবেন : এস এম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, তিনি এখন কোনো নির্দিষ্ট দলের নন, বরং পুরো এলাকার জনগণের প্রতিনিধি। গতকাল শনিবার সন্ধ্যায় কোটালীপাড়ার উনশিয়া ভট্রের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক নারী তার বাড়িতে প্রবেশের রাস্তা করে দেওয়ার দাবি জানালে এস এম জিলানী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দিবো 'মা', এটা আমার দায়িত্ব।” তার এই আন্তরিক আশ্বাসে উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, কোটালীপাড়ার মানুষ, বিশেষ করে হিন্দু ভাই-বোনেরা তাকে যেভাবে ভোট দিয়ে এবং ভালোবাসায় বরণ করে নিয়েছেন, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা তিনি রক্ষা করবেন। তিনি সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন যেন এলাকার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবন উজাড় করে দিতে পারেন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশের মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ যদি অন্যায়-অত্যাচার করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি নিজে অন্যায় করবেন না এবং অন্য কাউকেও অন্যায় করার সুযোগ দেবেন না বলে অঙ্গীকার করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ইতিহাস তার সাক্ষী। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে এস এম জিলানী বলেন, “আমি ১২ তারিখের আগে একটি দলের মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি এখন কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল জনগণের এমপি। আমার কাছে এখন দল-মত নির্বিশেষে সবাই সমান এবং সকলেই সমান সুযোগ-সুবিধা পাবেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...