বিজ্ঞাপন
ঝালকাঠি-১ আসনে জামানত হারিয়েছেন ৮ জন প্রার্থী। এই আসনে মোট ১ লাখ ২৯ হাজার ৪৪টি ভোট পড়ায় জামানত রক্ষার জন্য ন্যূনতম ১৬ হাজার ১৩১টি ভোটের প্রয়োজন ছিল। তবে নির্ধারিত এই সীমা অতিক্রম করতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম আল হাদি, স্বতন্ত্র প্রার্থী এম. মঈন আলম ফিরোজী, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খানসহ আটজন তাদের জামানত খুইয়েছেন। এই আসনে মাত্র দুইজন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রাজ্জাক সেলিম। তিনি সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ঘনিষ্ঠ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার সাথে ২২৩ নম্বর আসামি হওয়া সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অভিযোগ রয়েছে, ভোল পাল্টে ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তবে সাধারণ ভোটাররা তাকে প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রাজ্জাক সেলিমের অতীত কর্মকাণ্ড নিয়েও নির্বাচনী এলাকায় নানা সমালোচনা শোনা গেছে। এক সময় টাকার অভাবে মাকে ইলিশ মাছ খাওয়াতে না পারার গল্প শুনিয়ে সহানুভূতি আদায় করে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এবারও তিনি ও তার ভাই জহিরুল হক একই ধরনের গল্প শুনিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রচারণার এক পর্যায়ে তিনি বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়ে জনসমক্ষে আসা বন্ধ করে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, ঝালকাঠি-২ আসনে মোট ২ লাখ ২১ হাজার ২৬৪টি ভোট পড়েছে। জামানত রক্ষার জন্য এখানে ২৭ হাজার ৬৫৮টি ভোটের প্রয়োজন ছিল। রাজ্জাক সেলিমসহ মোট ছয়জন প্রার্থী এই কোটা পূরণ করতে পারেননি। জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন এনপিপির ফোরকান হোসেন (১২৭ ভোট), জেএসডির মাসুদ পারভেজ (১০৫ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল উদ্দীন সরদার (৭৭ ভোট), গণঅধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর (১২২ ভোট) এবং ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী (২৪ হাজার ৫৪৩ ভোট)।
অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে বিপুল ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট) এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম (৭০ হাজার ৫৫৬ ভোট)।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...