বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘ভেজিটেবল ফ্লেক্স ফর বেকড প্রোডাক্টস ফর্টিফিকেশন: বিএইউ-আইএফএডি কোলাবোরেশন ফর ইটস ইমপ্রুভমেন্ট অ্যান্ড কমার্শিয়ালাইজেশন’ শীর্ষক কর্মশালার মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলনকক্ষে সূচনা কর্মশালার আয়োজন করে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাব-প্রজেক্ট ম্যানেজার ও বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ। তিনি জানান, দেশে বেকারি শিল্পে ব্যবহারের জন্য প্রতিবছর প্রায় ১০০ মেট্রিক টন সবজি ফ্লেক্স আমদানি করতে হয়। অথচ মৌসুমে বিপুল পরিমাণ পুষ্টিকর সবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধার অভাবে অপচয় হয়। আধুনিক প্রযুক্তিতে এসব সবজি শুকিয়ে ফ্লেক্সে রূপান্তর করা গেলে দীর্ঘদিন সংরক্ষণ সম্ভব হবে এবং রুটি, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যে ভিটামিন ও খনিজ সংযোজন করা যাবে। এতে আমদানি নির্ভরতা কমবে, বাড়বে দেশীয় কৃষিপণ্যের মূল্য সংযোজন।
তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় উপযোগী সবজি নির্বাচন, মানসম্মত প্রক্রিয়াজাত প্রযুক্তি উদ্ভাবন, পুষ্টিগুণ বিশ্লেষণ এবং ভোক্তা গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে প্রযুক্তি হস্তান্তর ও বাজারজাতকরণ কৌশলও প্রণয়ন করা হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গবেষণাই প্রধান চালিকাশক্তি। মানসম্মত ও প্রয়োগমুখী গবেষণাকে উৎসাহ দিতে সর্বোচ্চ বাজেট সংগ্রহ ও সফল গবেষকদের আনুষ্ঠানিক সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, অধ্যাপক মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা এবং ইফাদ মাল্টি প্রডাক্ট লিমিটেড–এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন মন্ডল।
উপাচার্য আরও বলেন, গবেষণাকে শুধু একাডেমিক পরিসরে সীমাবদ্ধ না রেখে শিল্প ও বাণিজ্যের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে ক্লাস ও পরীক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...