Logo Logo

৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান


Splash Image

বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায়টি প্রকাশিত হয়।


বিজ্ঞাপন


তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত এই রায়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় প্রদান করেছিলেন।

পূর্ণাঙ্গ রায়ে আদালত আরও উল্লেখ করেছেন, আসন্ন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে আইনি পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার প্রয়োজনীয় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা রাখে।

এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, এই রায় কোনো একক দলের নয় বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে দেশের গণতন্ত্রের যে ক্ষতি করা হয়েছিল, এই রায়ের মাধ্যমে তা সংশোধিত হলো বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে এই নির্বাচনকালীন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। পরবর্তীতে ২০১১ সালে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তা বিলুপ্ত করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে সর্বোচ্চ আদালত নতুন এই সিদ্ধান্ত প্রদান করেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...