বিজ্ঞাপন
গত রবিবার (২২ মার্চ) গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড় সংলগ্ন কেএসপি রুফটপ রেস্টুরেন্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর আয়োজিত সংগঠনের এই কার্যক্রমে জেমসা’র সক্রিয় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে এই আয়োজনের মাধ্যমে সাধারণ সদস্যদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে। সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে উপস্থিত সকলে জোরালো ঐক্যমত পোষণ করেন।
উল্লেখ্য, এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে জেমসা (GEMSSA) আত্মপ্রকাশ করেছিল। একসময় অত্যন্ত প্রাণবন্ত ও সামাজিক কর্মকাণ্ডে মুখর থাকলেও বিগত সময়ে সংগঠনটি নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং একপেশে নেতৃত্বের যাঁতাকলে পিষ্ট হয়ে প্রায় অকার্যকর ও স্থবির হয়ে পড়েছিল। সংগঠনের এই বেহাল দশা নিয়ে গত ১৩ জানুয়ারি ‘দৈনিক ভোরের বাণী’তে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর সংগঠনের মধ্যে এক ধরনের আত্মশুদ্ধি ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে ইতিবাচক ভাবধারা লক্ষ্য করা গেছে।
আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক রূপরেখা নিয়ে নেতৃস্থানীয় সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা সংগঠনটিকে পুনরায় গতিশীল করতে এবং বিতর্ক মুক্ত রেখে সকল প্রাক্তন শিক্ষার্থীর মিলনস্থলে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ বিরতির পর পুরনো সহপাঠী ও অগ্রজ-অনুজদের সাথে মিলিত হতে পেরে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...