Logo Logo

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান


Splash Image

সামুদ্রিক মৎস্যসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে গবেষণায় শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় এ সেমিনারে গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহীদের কাছ থেকে গবেষণার সারসংক্ষেপ আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষার্থী এবং গবেষকেরা অংশ নিতে পারবেন। আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেমিনার ও পোস্টার উপস্থাপনায় অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি দিতে হবে না।

সেমিনারের পোস্টার উপস্থাপনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দুটি প্রধান ধারায়: টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমি।

টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ধারায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা, মৎস্যপ্রযুক্তি ও জলজ জীবপ্রযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, ব্লু ইকোনমি ধারায় সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি ও মৎস্যসম্পদবিষয়ক আইনগত বিষয়, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক দূষণসংক্রান্ত গবেষণা উপস্থাপন করা যাবে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে হতে হবে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর। ১৭ নভেম্বর সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।

পোস্টারে গবেষণার শিরোনাম, লেখকের নাম ও যোগাযোগের তথ্য, গবেষণার সারসংক্ষেপ, উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, উপসংহার এবং তথ্যসূত্র উল্লেখ করতে হবে। পোস্টারের সর্বোচ্চ আকার নির্ধারণ করা হয়েছে ৪৮ ইঞ্চি উচ্চতা ও ৩৬ ইঞ্চি প্রস্থ।

সেমিনারে পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।

আগ্রহীদের গবেষণার সারসংক্ষেপ ও পোস্টারের সফট কপি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে।

আগামী ৩০ নভেম্বর আন্তর্জাতিক সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, ক্যাম্পাস প্রতিনিধি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...