Logo Logo

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, সংঘর্ষে আহত ২০


Splash Image

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চারটি গ্রামের একদল সশস্ত্র লোক আইন অমান্য করে বাঁধটি কেটে দেওয়ায় হাওরে দ্রুত পানি ঢুকতে শুরু করেছে, যার ফলে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে কৃষকের স্বপ্নের বোরো ধান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।


বিজ্ঞাপন


শনিবার (৪ এপ্রিল) সকালে মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যখন পরিস্থিতি নিয়ে একটি জরুরি সভা চলছিল, ঠিক সেই সময় ছনুয়ার হাওর পাড়ের কিছু লোক সংঘবদ্ধ হয়ে ডাকুয়ার হাওরের ফসলরক্ষা বাঁধে হামলা চালায় এবং তা কেটে দেয়। বাঁধ রক্ষায় স্থানীয়রা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতরদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্বেগের সাথে জানান, বাঁধ কাটার ফলে ডাকুয়ার হাওর দ্রুত পানিতে সাদা হয়ে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, “অনতিবিলম্বে পানি নিষ্কাশন এবং বাঁধ মেরামতে কার্যকর পদক্ষেপ না নিলে পুরো হাওর ডুবে যাবে এবং কৃষকদের বোরো ফসল সম্পূর্ণ তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে।”

ভুক্তভোগী কৃষকরা জানান, তাদের হাড়ভাঙা খাটুনির ফসল এখন কাটার প্রায় উপযোগী। এমন সময় এই নাশকতা তাদের পথে বসিয়ে দেবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাঁধ কাটার এই জঘন্য ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের বিষয়েও জরুরি আলোচনা চলছে। বর্তমানে পুরো হাওর এলাকায় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...