বিজ্ঞাপন
ঘটনার প্রেক্ষাপট ও এজাহারের বিবরণ থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর সরকারি ছুটির দিনে দাপ্তরিক কাজ শেষে দুপুরে কলেজ ত্যাগ করেন অধ্যক্ষ। পরবর্তীতে আনুমানিক পৌনে তিনটার দিকে এক শিক্ষক মোবাইল ফোনে জানান যে, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা পরিত্যক্ত ভবনে অনধিকার প্রবেশ করে ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি বৈদ্যুতিক পাখা জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে অধ্যক্ষসহ শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির সত্যতা নিশ্চিত করেন। একই সঙ্গে কলেজের নতুন ভবন নির্মাণের জন্য রক্ষিত প্রায় ২০০ কেজি রড চুরির ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। চুরির সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও সাধারণ নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে প্রকাশ পায়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। অভিযুক্তের বিরুদ্ধে নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলেজটিকে পারিবারিক সম্পত্তি দাবি করে সাহেদ তালুকদার এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এছাড়া এলাকার বিভিন্ন বাসাবাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ডের লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আটক সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি অত্যন্ত কঠোরভাবে দেখছে জেলা ছাত্রদল। যোগাযোগ করা হলে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাঁরা অবগত হয়েছেন এবং ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি অবিলম্বে বিলুপ্ত করার প্রক্রিয়া চলছে। দলে কোনো সমাজবিরোধী, চাঁদাবাজ বা মাদকসেবীর ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। অন্যদিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের অধ্যক্ষের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...