Logo Logo

গোপালগঞ্জে ৫ বাড়ি, দোকান ও গোডাউনে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের চর সরসপুর গ্রামে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি বসতবাড়ি, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি খাদ্যশস্যের গোডাউনে ব্যাপক ক্ষয়ক্ষতি চালানো হয় বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে। হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকার, কৃষিজাত পণ্য ও গবাদিপশু লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।


বিজ্ঞাপন


ঘটনার বিবরণে ও ভুক্তভোগী শাহানারা বেগমের (৫৯) দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে নাজমুল বিশ্বাস, কামাল বিশ্বাস ও ফনি মোল্লাসহ একাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চর সরসপুর গ্রামে অতর্কিত তাণ্ডব চালান। হামলাকারীরা মুহূর্তের মধ্যে পাঁচটি বাড়ি, দুটি মুদি ও নিত্যপণ্যের দোকান এবং পার্শ্ববর্তী গোডাউনে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা-জানালা ও বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জাম ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঘর ও গোডাউনে সংরক্ষিত মূল্যবান কৃষিপণ্য, নগদ টাকা এবং মালামাল বস্তাবন্দী করে লুট করে নিয়ে যাওয়া হয়।

হামলার পাশাপাশি পরিবারগুলোর সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার আকস্মিকতায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের দাবি, প্রকাশ্য দিবালোকে এ ধরনের তাণ্ডব চালিয়ে তাঁদের সর্বস্বান্ত করা হয়েছে। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে দায়েরকৃত এজাহারে অভিযুক্ত নাজমুল বিশ্বাস, কামাল বিশ্বাস ও ফনি মোল্লাসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে প্রকাশ করা হবে। অন্যদিকে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...