Logo Logo

যশোরে প্রাইভেটকারসহ ২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২


Splash Image

সীমান্তবর্তী জেলা যশোরে মাদকবিরোধী ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে বড় ধরনের চালান জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পাচার ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)। ভারত সীমান্তবর্তী এই অঞ্চলটি দিয়ে নিয়মিত মাদক চোরাচালানের অভিযোগ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল যশোর সদরের নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তল্লাশিকালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত থাকা অবস্থায় ঘটনাস্থল থেকেই ইয়াছিন গাজী ও আব্দুল গফ্ফারকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...