Logo Logo

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : জামায়াত আমির


Splash Image

ছবি : সংগৃহীত।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে আবারও ফ্যাসিবাদ কায়েমের আশঙ্কার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার যদি আবারও ফ্যাসিবাদের পথে হাঁটার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের অপচেষ্টা চলছে। একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

এছাড়া ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সংকুচিত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জামায়াতের আমির বলেন, “সংসদের ভেতরে যতদিন সংগ্রাম করা সম্ভব, ততদিন আমরা থাকব। তবে আমাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হবে রাজপথ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে অবৈধ হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

একই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নাহিদ ইসলাম। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জুলাই আন্দোলনের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। আসন্ন আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন।” নাহিদ ইসলাম আরও যোগ করেন, এবার আংশিক নয় বরং পূর্ণ সফলতার লক্ষ্য নিয়ে তারা রাজপথে নামবেন এবং প্রয়োজনে নেতারাই সবার আগে ঝুঁকি নেবেন।

সভায় আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...