বিজ্ঞাপন
মূলত সুন্দরবনের মতো দুর্গম বন-জঙ্গলে গাছের ডালে কিংবা ঘরের কার্নিসে তৈরি হওয়া বন্য মৌমাছির চাক থেকে ধোঁয়ার সাহায্য নিয়ে মধু সংগ্রহ করাই ছিল একমাত্র উপায়। এই প্রক্রিয়ায় মৌয়াল মধু পেতে চাকের ব্যাপক ক্ষতি করত, যা ছিল একটি অবৈজ্ঞানিক ও অটুট পদ্ধতি।
বাংলাদেশের ভূখণ্ডে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি চাষের সূচনা করেন আকতার হামিদ খান। ১৯৬১ সালে, যখন অঞ্চলটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অংশ, তিনি কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমিতে প্রথম কাঠের বাক্সে মৌমাছি প্রতিপালনের উদ্যোগ নেন। এটিই ছিল বাংলাদেশের মধু চাষের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। তার এই চেষ্টার ফলেই প্রমাণিত হয় যে, দেশীয় জলবায়ু ও পরিবেশে বাণিজ্যিক মৌ চাষ করা সম্ভব। এর আগে মৌমাছিকে শুধু বন্য প্রাণী হিসেবেই বিবেচনা করা হতো, আর তার হাত ধরেই শুরু হয় এর পোষ মানানোর এবং বৈজ্ঞানিকভাবে চাষের যাত্রা।
আকতার হামিদ খানের পথ দেখানোর পর এই শিল্পকে বড় আকারে ছড়িয়ে দিতে ভূমিকা রাখে পল্লী উন্নয়ন একাডেমি (BARD), যেখানে প্রথম উদ্যোগ নেওয়া হয়, সেটিই ছিল এই শিল্পের ল্যাবরেটরি, যা প্রশিক্ষণ ও সম্প্রসারণের কেন্দ্র হিসেবে কাজ করে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) একসময় এই শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখে, প্রশিক্ষণ ও মৌচাষি তৈরির কাজে এগিয়ে আসে।কানাডিয়ান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বাধীনতার পর ১৯৭৭ সালে মৌমাছি পালন কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান শুরু করে, যা প্রযুক্তিগত জ্ঞান ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও আশির দশকে যুক্ত হয়।
প্রতি বছর ২০ মে পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস (World Bee Day) । ২০১৭ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে এই দিবসটি ঘোষণা করে এবং ২০১৮ সাল থেকে বিশ্বব্যাপী এটি পালিত হচ্ছে। ২০ মে তারিখটি বেছে নেওয়া হয়েছে কারণ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত মৌচাষবিদ আন্তন জানশা (Anton Janša), যিনি আধুনিক মৌচাষ পদ্ধতির প্রবক্তা। এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হলো মৌমাছি ও অন্যান্য পরাগবাহী প্রাণীর গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং এদের অস্তিত্ব রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
২০২৫ সালের বিশ্ব মৌমাছি দিবসের প্রতিপাদ্য ছিল ‘Bee inspired by nature to nourish us all’ (প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে সবার জীবনকে পুষ্ট করো) । এই প্রতিপাদ্যটি মৌমাছি ও অন্যান্য পরাগবাহী প্রাণীর ভূমিকাকে কৃষি-খাদ্য ব্যবস্থা ও গ্রহের বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত করেছে। “Bee together for people and the planet” ধারণাটি মূলত এই বার্তাকেই আরও সংহত করে-মানুষ ও পরিবেশের টিকে থাকার জন্য মৌমাছির সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
মৌমাছি ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি পতঙ্গ, কিন্তু এর পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব বিপুল। খাদ্য উৎপাদনে মৌমাছির ভূমিকা অপরিসীম-বিশ্বের প্রায় ৭৫ শতাংশ খাদ্যশস্য এবং ৯০ শতাংশ বন্য সপুষ্পক উদ্ভিদ পরাগায়নের জন্য মৌমাছি ও অন্যান্য পরাগবাহীর ওপর নির্ভরশীল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানাচ্ছে, আজকের পৃথিবীর খাদ্য উৎপাদনের এক-তৃতীয়াংশই মৌমাছির পরাগায়নের ওপর নির্ভরশীল। অ্যালবার্ট আইনস্টাইনের কৃত একটি জনপ্রিয় উক্তিতে বলা হয়েছে-“ মৌমাছি পরাগায়নে ৮৫ শতাংশ ভূমিকা পালন করে, যদি মৌমাছি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানবজাতি মাত্র চার বছর টিকে থাকতে পারবে।“
তবে বর্তমানে বিশ্বজুড়ে মৌমাছি ও অন্যান্য অমেরুদণ্ডী পরাগায়নকারীর প্রায় ৩৫ শতাংশ প্রজাতি বিলুপ্তির মুখোমুখি। এই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দেশটির কৃষিভিত্তিক অর্থনীতি মৌমাছির পরাগায়নের ওপর অনেকটাই নির্ভরশীল।
মৌমাছি (বৈজ্ঞানিক নাম: Apis spp.) এক ধরনের কীটপতঙ্গ, যা হাইমেনোপ্টেরা (Hymenoptera) বর্গের অন্তর্ভুক্ত। মৌমাছিরা ফুলের মধু ও পরাগ সংগ্রহ করে এবং এই প্রক্রিয়ায় পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের সামাজিক কাঠামো অত্যন্ত সুসংগঠিত ও উদ্দেশ্যনির্ভর। একটি পূর্ণাঙ্গ মৌচাকে তিন ধরনের মৌমাছি দেখা যায়, রানী মৌমাছি (Queen), পুরো চাকের একমাত্র প্রজননক্ষম নারী মৌমাছি। একটি চাকে শুধুমাত্র একটি রাণী মৌমাছি থাকে; কর্মী মৌমাছি (Worker), নারী কর্মীবাহিনী যারা ফুল থেকে মধু ও পরাগ সংগ্রহ করে, চাক নির্মাণ করে, লার্ভার যত্ন নেয় এবং চাককে রক্ষা করে; নর মৌমাছি (Drone), শুধুমাত্র প্রজননের জন্য দায়ী পুরুষ মৌমাছি। এদের কোনো হুল নেই এবং মধু সংগ্রহে অংশগ্রহণ করে না। বিশ্বব্যাপী ২০,০০০-এরও বেশি প্রজাতির মৌমাছি শনাক্ত করা হয়েছে। এসব প্রজাতির মধ্যে কিছু বন্য, আবার কিছু গৃহপালিত। মৌমাছির এ বিপুল বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে অভিযোজনের ফল। বিভিন্ন প্রজাতির মৌমাছির আকার, রঙ, আচরণ ও পরাগায়ন দক্ষতা ভিন্ন হয়ে থাকে। অধিকাংশ প্রজাতিই বন্য ফুল ও ফসলের পরাগায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
বাংলাদেশে বর্তমানে প্রধানত পাঁচটি মৌমাছি প্রজাতি পাওয়া যায়; Apis cerana indica (ভারতীয়/দেশি মৌমাছি), Apis dorsata (রকি বা পাহাড়ি মৌমাছি), Apis florea (লিটল বি বা ক্ষুদে মৌমাছি), Apis mellifera (ইউরোপীয়/ইটালিয়ান মৌমাছি), Trigona spp.(পিপীলিকা মৌমাছি/হুলবিহীন) । বাংলাদেশের বাস্তুসংস্থানে এই প্রজাতিগুলোর প্রত্যেকটির পৃথক গুরুত্ব রয়েছে। Apis cerana indica স্থানীয় আবহাওয়ার সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারে বলে দেশে পালনের জন্য সবচেয়ে উপযোগী। অপরদিকে Apis mellifera মধু উৎপাদনে অত্যন্ত কার্যকরী হলেও বিদেশি প্রজাতি হওয়ায় এর চাষাবাদে কিছুটা বাড়তি সচেতনতা প্রয়োজন।
বাংলাপিডিয়ার তথ্যমতে, মৌমাছির আরেকটি প্রজাতি Apis indica বাংলাদেশে পাওয়া যায়। তবে সাম্প্রতিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, Apis indica ও Apis cerana আসলে একই প্রজাতির বিভিন্ন নাম। বর্তমানে বাংলাদেশে চারটি প্রধান মৌমাছি প্রজাতি আছে বলে বিশেষজ্ঞদের এক হিসাবে দেখা গেছে, বিশ্বব্যাপী পরাগায়নের অর্থনৈতিক মূল্য বছরে ১৫০-২০০ বিলিয়ন ডলার। মৌমাছি ছাড়া এই বিপুল পরিমাণ ফসল উৎপাদন অসম্ভব।
FAO-এর প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর খাদ্য উৎপাদনের এক-তৃতীয়াংশ মৌমাছির পরাগায়নের ওপর নির্ভরশীল। মৌমাছির অস্তিত্ব হুমকির মুখে পড়লে কেবল খাদ্যের পরিমাণই কমবে না, বরং খাদ্যের গুণগত মান ও বৈচিত্র্যও কমে যাবে। বিশেষ করে ভিটামিন ও খনিজে ভরপুর ফল ও সবজির উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে, যা অপুষ্টি ও রোগবালাই বৃদ্ধির কারণ হবে।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। সরিষা, লিচু, আম, পেয়ারা, কফি, সূর্যমুখী, ফলমূল ও সবজি ফসলের উৎপাদনে মৌমাছির পরাগায়ন অপরিহার্য। গবেষণায় দেখা গেছে, সরিষা ক্ষেতে মৌমাছি স্থাপন করলে সরিষার ফলন ১৫-২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। লিচু বাগানে মৌবাক্স স্থাপন করলে শিকারি মৌমাছিরা লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে এবং ফলের ফলনও বৃদ্ধি পায়। এভাবে মৌমাছি কেবল মধুই উৎপন্ন করে না, বরং ফসলের উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে।
মৌমাছি পালন ফলিত প্রাণিবিজ্ঞানের একটি শাখা। এই পদ্ধতিতে মৌমাছিকে প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করা হয়। বাংলাদেশে মৌমাছি পালনের ইতিহাস প্রাচীন হলেও আধুনিক পদ্ধতিতে এর বিস্তার ঘটেছে বিগত কয়েক দশকে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মৌচাষিকে আধুনিক পদ্ধতিতে মৌচাষের প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম প্রসারের জন্য বিসিক একটি মৌমাছি পালন স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ৮ হাজার মৌচাষি আছেন, যারা ৭০ হাজার মৌমাছির বাক্সে মধু চাষ করেন। মৌ চাষের এই ব্যাপক প্রসার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশে মধু উৎপাদনের পরিমাণ ও বাজারমূল্য আশাব্যঞ্জক। বিসিকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তথ্যে দেখা যায়-গত অর্থবছরে দেশে মধু উৎপাদিত হয়েছে ১০ হাজার ৬৫৫ মেট্রিক টন (প্রায় ১০.৬ হাজার টন)। তার আগের অর্থবছরে উৎপাদিত হয়েছিল ৪ হাজার ৬২২ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে মধু উৎপাদন বেড়েছে প্রায় ১৩০ শতাংশ!
এমনকি ৫ বছরের ব্যবধানে মধু উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি। বাংলাদেশের মোট মধু বাজার এখন প্রায় ৭৫০ কোটি টাকা-মধু ও এর উপজাত পণ্য মিলিয়ে। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু গড়ে ৬০০ টাকা দরে বিক্রি হয়। সুতরাং দেশে উৎপাদিত ১০,৬৫৫ মেট্রিক টন মধুর দাম হয় প্রায় ৬৩৯ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১০০ মেট্রিক টন, কিন্তু সংগ্রহ হয়েছে ১ হাজার ৮০৩ মেট্রিক টন-যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।
বাংলাদেশে চাষের মধু ছাড়াও বসতবাড়ির আশপাশ ও বনাঞ্চলে মৌমাছির চাক থেকে প্রাকৃতিক মধু পাওয়া যায়। প্রাকৃতিক মধুর সবচেয়ে বড় সংগ্রহ আসে সুন্দরবন অঞ্চল থেকে।
বন বিভাগ তথ্য অনুসারে, সুন্দরবন থেকে গত অর্থবছরে প্রায় ৩০০ মেট্রিক টন মধু (৩ হাজার কুইন্টাল) ও দেড় শ মেট্রিক টন মোম আহরণ করা হয়েছে। তবে সুন্দরবনে মধু সংগ্রহের মাত্রা স্থিতিশীল নয়। ২০২৫ সালে সুন্দরবন থেকে মধু আহরণ হয়েছে ২০৭ মেট্রিক টন, যেখানে ২০২৪ সালে ছিল ৩৪৫ মেট্রিক টন। জলবায়ু পরিবর্তন, খরা ও অন্যান্য কারণে এই পতন ঘটেছে, যা উদ্বেগের কারণ।
বাংলাদেশের চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মধু আমদানি হয়। তবে আশার কথা হলো-দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও মধু এখন রপ্তানি পণ্যের তালিকায় নাম লিখিয়েছে। দেশের মৌচাষিরা বাণিজ্যিকভাবে মধু চাষ করে বিদেশে রপ্তানি করছেন।
বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রযুক্তি ও মৌচাষির সংখ্যা বাড়ালে বাংলাদেশে বছরে ১ লাখ টন মধু উৎপাদন সম্ভব। এতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় করা সম্ভব হবে।
বাংলাদেশের কৃষিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার মৌমাছির জন্য সবচেয়ে বড় হুমকি। ১৯৮৫ থেকে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশে কীটনাশকের ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশে এখন ‘অত্যন্ত বিপজ্জনক’ ১৭ প্রকারের কীটনাশক ব্যবহার হচ্ছে, যার অনেকগুলো মৌমাছির জন্য অত্যন্ত বিষাক্ত। গবেষণায় দেখা গেছে, কীটনাশকের অতি ব্যবহারে মৌমাছির প্রজাতিসমূহের আকার ছোট হয়ে যাচ্ছে এবং পরাগায়নের দক্ষতা হ্রাস পাচ্ছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এক ধরনের কীটনাশক মৌমাছির ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মৌমাছিবান্ধব কীটনাশক উদ্ভাবনের গবেষণা চলছে।
জলবায়ু পরিবর্তন মৌমাছিদের জীবনে ভীষণ প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধি ও খাদ্য সংকট মৌমাছির অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ও মৌমাছির জীবনচক্র বিচ্ছিন্ন হচ্ছে, ফলে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
বিশ্বজুড়ে আক্রমণাত্মক প্রজাতি, কীটনাশক ব্যবহার এবং খাদ্যের অভাব প্রধান হুমকি হিসেবে কাজ করছে। এই চ্যালেঞ্জ মৌমাছি সংরক্ষণকে আরও জটিল করে তুলেছে।
নিবিড় কৃষি কার্যক্রম, ভূমি ব্যবহারে পরিবর্তন, একফসলি চাষ-এসব কারণে মৌমাছির প্রাকৃতিক খাদ্যের উৎস হ্রাস পাচ্ছে। মিশ্র ফসলের চাষ কমে যাওয়ায় ফুলের বৈচিত্র্য কমে যাচ্ছে, যা মৌমাছির খাদ্য সংগ্রহের পরিধি সংকুচিত করছে।
মৌমাছিদের জন্য ক্ষতিকর কিছু মাইট (মাকড়), ছত্রাক ও ভাইরাসের আক্রমণও বিপদ ডেকে আনছে। বিশেষ করে ভ্যারোয়া মাইট বিশ্বব্যাপী মৌমাছির সবচেয়ে বড় হুমকি হিসেবে পরিচিত। এই পরজীবী মৌমাছির দেহ থেকে রস শোষণ করে এবং ভাইরাস সংক্রমণ করে, যা পুরো চাককে ধ্বংস করতে পারে। বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে, পরাগায়নকারী কীটপতঙ্গের সংখ্যা কমে যাওয়া এবং ফলন হ্রাস; মধুর ভেজাল ও নকল মধুর প্রাদুর্ভাব, যা খাঁটি মধুর বাজারে প্রতিযোগিতা কমিয়ে দিচ্ছে, মধু উৎপাদনের অপ্রতুল প্রাতিষ্ঠানিক সহায়তা, আন্তর্জাতিক বাজারে মান নিয়ন্ত্রণে ঘাটতি । বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মৌমাছি পালন ও সংরক্ষণে সচেষ্ট, বিসিক ব্যাপক প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির কাজ করছে, মৌমাছি পালন স্থায়ী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে । এছাড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরাগায়নের গুরুত্ব সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে।
বাংলাদেশে সরিষা ও মৌমাছির সমন্বিত চাষ অত্যন্ত সফল হয়েছে। এতে সরিষাচাষি ও মৌচাষি উভয়ই লাভবান হন। রবিশস্যের ফলন ১৫ থেকে ২০ শতাংশ বেশি হয়। এই মডেলটি অন্যান্য ফসলের জন্যও প্রসারিত করা সম্ভব।
বিশ্ব মৌমাছি দিবসের আলোকে মৌমাছি সংরক্ষণে আমাদের করণীয়, কীটনাশকের ব্যবহার কমানো এবং মৌমাছিবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ করা, বিভিন্ন প্রজাতির ফুল ও গাছ লাগানো-মৌমাছির খাদ্যের উৎস বৃদ্ধির জন্য মৌমাছির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা ও বনায়ন প্রকল্প গ্রহণ, মৌচাষিদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় প্রজাতির সংরক্ষণ ও উন্নয়ন, ভেজালমুক্ত মধুর বাজার নিশ্চিত এবং মান নিয়ন্ত্রণ করা ।
মধু হল জল ও শর্করার একটি স্যাচুরেটেড দ্রবণ যা মৌমাছি ফুলের নির্যাস বা পরাগ থেকে তৈরি করে। এতে প্রায় ৪৫টিরও বেশি খাদ্য উপাদান রয়েছে, যা এটিকে একটি জটিল ও পুষ্টিকর খাদ্যে পরিণত করেছে। এর প্রধান উপাদানগুলো কার্বোহাইড্রেট, মধুর মোট শুষ্ক পদার্থের ৯৫-৯৯% হল কার্বোহাইড্রেট বা শর্করা। এর মধ্যে প্রধান দুটি হলো,ফ্রুক্টোজ (Fructose): প্রায় ৩৪-৪৩%, গ্লুকোজ (Glucose) প্রায় ২৫-৩৭%।এই দুটি মনোস্যাকারাইড ছাড়াও এতে সুক্রোজ, মল্টোজ, শর্করা পাওয়া যায়। ফ্রুক্টোজ ও গ্লুকোজ দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়, যা শরীরের জন্য তাৎক্ষণিক শক্তির উৎস।মধুর অন্যতম প্রধান ঔষধি গুণের উৎস এর অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের ক্ষতিকর ফ্রি য়্যাডিকেল ধ্বংস করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। উল্লেখযোগ্য অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে রয়েছে, ফ্ল্যাভোনয়েডস (Flavonoids) যেমন কোয়েরসেটিন (Quercetin), ফেনোলিক অ্যাসিড (Phenolic Acids) যেমন গ্যালিক অ্যাসিড (Gallic Acid) ।মধুতে অল্প পরিমাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। এর মধ্যে রয়েছে, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান (যেমন বি২, বি৩, বি৫, বি৬), খনিজ পদার্থ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক ও আয়রন ।প্রতি ১০০ গ্রাম মধুতে প্রায় ২৮৮-৩০৪ ক্যালরি শক্তি থাকে । মৌমাছির মধু তৈরির প্রক্রিয়ায় নিঃসৃত এনজাইমগুলোর জন্য মধুর এন্টিমাইক্রোবিয়াল (জীবাণুনাশক) গুণ বৃদ্ধি পায়। প্রধান এনজাইমগুলো হলো, গ্লুকোজ অক্সিডেজ (Glucose Oxidase), হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে, যা জীবাণু ধ্বংস করে, ইনভার্টেজ (Invertase) ও ডায়াস্টেজ (Diastase) শর্করা ভাঙতে সাহায্য করে। মধুতে প্রায় ২২ প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। মোট অ্যামিনো অ্যাসিডের অর্ধেকই হলো প্রোলিন (Proline), যা মধুর গুণমান নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূচক।
মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েডগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরকে বিভিন্ন সংক্রমণ ও অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। মধুর প্রধান উপাদান গ্লুকোজ ও ফ্রুক্টোজ দেহ দ্বারা সহজেই শোষিত হয় এবং দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়। এটি শারীরিক পরিশ্রম পরবর্তী ক্লান্তি দূর করতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। ক্ষতস্থানে মধু লাগালে এটি একটি সুরক্ষামূলক আর্দ্র আবরণ তৈরি করে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং দ্রুত নিরাময়ে সাহায্য করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মধু বিশেষ করে ডায়াবেটিক ফুট আলসারের ক্ষেত্রে কোষের পুনর্জন্ম ঘটিয়ে ঘরান প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মধু প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এটি পাকস্থলীর আস্তরণের প্রদাহ কমায়, আলসারের সমস্যা নিরাময়ে সাহায্য করে এবং নিয়মিত সেবনে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে। গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে তা গলা ব্যথা প্রশমিত করে এবং কাশি কমাতে বিশেষভাবে কার্যকর। প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি ঘরে বসে এই সাধারণ সমস্যা নিরাময়ের একটি চমৎকার প্রতিকার। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোলিনার্জিক সিস্টেমের কার্যকারিতা উন্নত করে, যা স্মৃতিশক্তি বাড়াতে ও মানসিক চাপ কমাতে সহায়তা করে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্রণের সমস্যা দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে বিশেষ ভূমিকা রাখে।
ওজন নিয়ন্ত্রণে রাখতে কুসুম গরম পানির সাথে লেবু ও মধু মিশিয়ে পান করা খুবই উপকারী। মধুতে থাকা উপাদান শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে তুলতে সাহায্য করে। রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধের সাথে মধু মিশিয়ে পান করলে এটি গভীর ও প্রশান্তিদায়ক ঘুম আসতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, সঠিক মাত্রায় ও চিকিৎসকের পরামর্শে মধু সেবন করলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত সতর্কতার সাথে এবং সীমিত মাত্রায় সেবন করা আবশ্যক।
গবেষণা অনুযায়ী, প্রতিবারে প্রায় ৫০ থেকে ৮০ গ্রাম (প্রায় ৩-৪ টেবিল চামচ) মধু স্বাস্থ্যগত সুবিধা পেতে যথেষ্ট। তবে এটি একবারে না খেয়ে দিনের বিভিন্ন সময়ে ভাগ করে খাওয়াই ভালো। মধুর সর্বোত্তম উপকার পেতে সঠিক নিয়ম জানা জরুরি । সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে এক চামচ মধু মিশিয়ে পান করলে শরীর পরিষ্কার ও সতেজ থাকে, হজমশক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। ব্যায়াম বা শরীরচর্চার আগে মধু খেলে তা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়, আর পরে খেলে ক্লান্তি দূর করতে সাহায্য করে। সর্বোচ্চ পুষ্টিগুণ ও ঔষধি গুণ পেতে খাঁটি ও কাঁচা মধু নির্বাচন করা জরুরি। পেটের নানা সমস্যার জন্য খাবারের পর হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে পান করতে পারেন।মধু সাধারণত সবার জন্য নিরাপদ ও উপকারী হলেও কিছু বিশেষ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।শিশুদের জন্য বিপদজনক , এক বছরের কম বয়সী শিশুকে মধু খাওয়ানো একেবারেই নিরাপদ নয়। কারণ মধুতে কখনো কখনো "ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম" (Clostridium botulinum) নামক ব্যাকটেরিয়ার স্পোর থাকতে পারে, যা শিশুর পক্ষে মারাত্মক বোটুলিজম রোগের কারণ হতে পারে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত মধু সেবন না করাই ভালো। মধুতে শর্করা থাকায় এটি রক্তের গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিতে পারে। কিছু ব্যক্তির মধু বা পরাগের প্রতি অ্যালার্জি থাকতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বর্তমানে বাজারে নানা প্রকার নকল, ভেজাল ও কেমিকেলযুক্ত মধু পাওয়া যায়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং বিশ্বস্ত ও স্বীকৃত উৎস থেকে খাঁটি মধু কিনতে হবে।
মধুর বিশুদ্ধতা নির্ণয় করা একটি জটিল প্রক্রিয়া; এটি কেবল গৃহস্থালির কিছু কৌশলে সম্ভব নয়। তাই এর প্রকৃত মান পরীক্ষার জন্য প্রয়োজন উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ও সুসজ্জিত ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে মধুকে তিনটি মৌলিক দিক থেকে যাচাই করা হয়, যা প্রতিটি ভোক্তা ও বাণিজ্য উভয়ের জন্যই অপরিহার্য ।প্রমাণিকতা (Authenticity) নির্ধারণ করা হয় যে মধুতে কোনও বিদেশি চিনির সিরাপ বা অন্য কোনো সংযোজক মেশানো হয়েছে কিনা, এবং লেবেলে উল্লিখিত ফুলের উৎস বা ভৌগলিক অঞ্চল থেকে এটি এসেছে কিনা।গুণগত মান (Quality), মধুর সতেজতা, সঠিক প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অবস্থা নির্ধারণ করে। এই পরীক্ষাগুলো দ্বারা বোঝা যায় মধু অতিরিক্ত তাপ দেওয়া হয়েছে কিনা, এর পানি ও চিনির পরিমাণ কত ইত্যাদি।নিরাপত্তা (Safety) এই পরীক্ষায় নিশ্চিত করা হয় যে মধুতে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক, কীটনাশক ও ভারী ধাতুর কোনো চিহ্ন আছে কিনা, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশুদ্ধতা নির্ণয়ের মূল বৈজ্ঞানিক পদ্ধতি ল্যাবরেটরিতে মধু পরীক্ষার জন্য ব্যবহৃত প্রধান ও উন্নত প্রযুক্তি আইসোটোপ রেশিও ভর স্পেকট্রোমেট্রি (IRMS-Isotop Ratio Mass Spectrometry ), এটি মধুর ভেজাল শনাক্তের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিগুলোর একটি। এর মূলনীতি হলো, মধু ও এর প্রোটিনে কার্বনের আইসোটোপের (δ13C) অনুপাত পরিমাপ করা। যেহেতু ভুট্টা বা আখের মতো C4 উদ্ভিদের চিনির এই অনুপাতের মান আলাদা, তাই মধুর সাথে এই জাতীয় সিরাপ মেশানো থাকলে তা ধরা পড়ে।
নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি (NMR), এটি মধু পরীক্ষার একটি "গোল্ড-স্ট্যান্ডার্ড" পদ্ধতি হিসেবে বিবেচিত। NMR মধুর একটি সম্পূর্ণ রাসায়নিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। এতে অজানা ভেজাল সামগ্রী সনাক্ত করা এবং মধুর উৎস (যেমন, ম্যানুকা বা সিডর হানি) যাচাই করা সম্ভব হয়। ক্রোমাটোগ্রাফি ও ভর স্পেকট্রোমেট্রি (GC-MS, LC-HRMS), লিকুইড ক্রোমাটোগ্রাফি-হাই রেজোলিউশন মাস স্পেকট্রোমেট্রি, (LC-HRMS), এটি অত্যন্ত সংবেদনশীল পদ্ধতি যা কম পরিমাণে মেশানো জটিল ভেজাল, যেমন কাস্টম-মেড সিরাপ শনাক্ত করতে পারে। গ্যাস ক্রোমাটোগ্রাফি-ভর স্পেকট্রোমেট্রি (GC-MS), এই পদ্ধতি মধুর উদ্বায়ী যৌগ বিশ্লেষণ করে, যা নির্দিষ্ট ফুলের উৎস থেকে আসা মধুর বৈশিষ্ট্য নির্ণয়ে কার্যকর। প্যারামিটার-ভিত্তিক রাসায়নিক পরীক্ষাগুলোর মান নির্ণয় করাও ল্যাবরেটরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ । HMF (Hydroxymethylfurfural) পরীক্ষা, মধু গরম বা পুরনো হলে এই যৌগ তৈরি হয়, কম HMF মান সতেজতা নির্দেশ করে। ডায়াস্টেজ ও ইনভার্টেজ এনজাইমের কার্যকারিতা, গরম করার ফলে ধ্বংসপ্রাপ্ত এনজাইমগুলোর মাত্রা পরিমাপ করে মধুর তাপ প্রক্রিয়াজাতকরণের ইতিহাস জানা যায়। আর্দ্রতার পরিমাণ, রিফ্র্যাক্টোমিটার দিয়ে মধুর পানির পরিমাণ নির্ণয় করা হয়। আর্দ্রতা বেশি হলে মধু সহজেই গেঁজে যায়। C4 চিনি মেশানো যেমন ভুট্টার সিরাপ বা আখের গুড়। এটি শনাক্ত করে IRMS পদ্ধতি (সনাক্তকরণের সীমা ~৭%)। C3 চিনি মেশানো যেমন বিটের সিরাপ, এটি শনাক্ত করা তুলনামূলক কঠিন এবং NMR-এর মতো উন্নত পদ্ধতি প্রয়োজন।
বাংলাদেশে মধুর গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)। BSTI-এর অনুমোদন ছাড়া কোনো প্যাকেটজাত মধু বাজারে বিক্রি করা আইনত বৈধ নয়। BSTI তাদের নির্ধারিত পরীক্ষাগারে আন্তর্জাতিক মানের নানা পরীক্ষার মাধ্যমে মধুর স্ট্যান্ডার্ড নির্ধারণ ও যাচাই করে থাকে।
কিন্তু বিশ্বজুড়ে মৌমাছি, প্রজাপতি ইত্যাদি অমেরুদণ্ডী পরাগায়নকারীদের প্রায় ৩৫ শতাংশ আজ বিলুপ্তির মুখোমুখি। আন্তর্জাতিক পরিসরে আবাসস্থল ধ্বংস, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও রোগবালাই মৌমাছির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০২৪-২০২৫ সময়ে ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক মৌমাছির উপনিবেশের গড় মৃত্যুহার ছিল ৬০ শতাংশের বেশি।
বাংলাদেশে মৌমাছি পালন বাণিজ্যিকভাবে বিস্তৃতি লাভ করলেও নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের (AIS) তথ্যমতে, বাংলাদেশে যে পরিমাণ জমিতে সরিষা, আম, লিচু, তিল ইত্যাদি ফসল চাষ হয়, তার মাত্র ১০ শতাংশ জমিতে মৌ চাষ হয়। অর্থাৎ, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও ক্ষেত্র প্রসারে যথেষ্ট বাধা রয়েছে। মৌচাষ সংক্রান্ত জ্ঞানের অভাব অনেক মৌচাষি রোগ শনাক্তকরণ, প্রতিকার ও উপনিবেশ ব্যবস্থাপনার সঠিক জ্ঞান রাখেন না। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা এখনও পর্যাপ্ত মৌমাছির রোগ ও পরজীবীর আক্রমণ মৌচাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৫ সালের একটি সমীক্ষা অনুযায়ী, বিশ্বব্যাপী মৌমাছি পালন বিষয়ক ৭৪৪টি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, ভ্যারোসিস নিয়ন্ত্রণ (৫৭%) সবচেয়ে বেশি গবেষণার বিষয় ছিল আমেরিকান ফাউলব্রুড (American Foulbrood - AFB) Paenibacillus larvae ব্যাকটেরিয়ার স্পোর আক্রান্ত লার্ভা মারা যায় এবং আঠালো, বাদামি রঙের পচা পদ্যে পরিণত হয়। চাকে চাপ দিলে আঠালো সুতার মতো বেরিয়ে আসে এবং মাছের মতো দুর্গন্ধ ছড়ায়। ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, AFB চিকিৎসায় অ্যান্টিবায়োটিক (৪১.৭%) ও বায়োটেকনিক্যাল পদ্ধতি (২২.২%) ব্যবহৃত হয়। ইউরোপে মৌপালনে কোনো অ্যান্টিবায়োটিক নিবন্ধিত নয়। ইউরোপীয় ফাউলব্রুড (European Foulbrood - EFB) Melissococcus plutonius ব্যাকটেরিয়া আক্রান্ত লার্ভা কুণ্ডলীকার হয়ে যায়, হলুদ-বাদামি বর্ণ ধারণ করে এবং সহজে সরানো যায়। উত্তর আমেরিকায় এ রোগের জন্য অক্সিটেট্রাসাইক্লিন অনুমোদিত। গবেষণায় ফুড-গ্রেড নিসিন এ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। নোজিমোসিস (Nosemosis) Nosema apis ও Nosema ceranae ছত্রাক, মৌমাছির ডায়রিয়া, দুর্বলতা, উপনিবেশ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় । ফুমাগিলিন(Fumagilin) ঐতিহ্যবাহী ওষুধ, কিন্তু ইউরোপে নিষিদ্ধ। নতুন গবেষণায় প্রোবায়োটিক ও উদ্ভিদ নির্যাসের ভূমিকা পরীক্ষা হচ্ছে। চাকব্রুড (Chalkbrood) Ascosphaera apis ছত্রাক দ্বারা আক্রান্ত মৃত লার্ভা শক্ত হয়ে খড়ির মতো সাদা পিণ্ডে পরিণত হয়। ভ্যারোয়া মাইট (Varroa destructor), এটিই মৌমাছির সবচেয়ে ক্ষতিকর পরজীবী। গবেষণায় দেখা গেছে, ভ্যারোসিস নিয়ন্ত্রণের জন্য ৫৮.৫ শতাংশ পদ্ধতি ছিল "সফট" অ্যাকারিসাইড (অক্সালিক অ্যাসিড ও ফরমিক অ্যাসিড), অন্যদিকে "হার্ড" সিন্থেটিক পণ্য ছিল ২১ শতাংশ। মাইট মৌমাছির লার্ভা ও পিউপার রস শোষণ করে, ডানার বিকৃতি ঘটায় এবং ভাইরাস ছড়ায়। অক্সালিক অ্যাসিড সিরাপ ও বাষ্প আকারে প্রয়োগ করা যায়। ইউরোপে ড্রিবল ও ভ্যাপর উভয় পদ্ধতি অনুমোদিত। ফরমিক অ্যাসিডও অত্যন্ত কার্যকর এবং জৈব ব্যবস্থাপনার অংশ। ট্রপিলেইল্যাপস মাইট (Tropilaelaps spp.), নতুন হুমকি হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়ানোর ঝুঁকি বাড়ছে ।২০২৫ সালের FAO অধিবেশনে ট্রপিলেইল্যাপস নিয়ন্ত্রণ একটি প্রধান বিষয় ছিল। গবেষণায় ট্রপিলেইল্যাপস নিয়ন্ত্রণে "সফট" অ্যাকারিসাইডের ব্যবহার ছিল ৮১.৫ শতাংশ। স্মল হাইভ বিটল (Small Hive Beetle - Aethina tumida) চাক ধ্বংস করে ও মধু নষ্ট করে। ডিফর্মড উইং ভাইরাস (Deformed Wing Virus - DWV) ভ্যারোয়া মাইটের মাধ্যমে ছড়ায়, ডানার বিকৃতি ঘটায়।ভাইরাসের সরাসরি চিকিৎসা নেই; ভ্যারোয়া নিয়ন্ত্রণ ও উপনিবেশ স্বাস্থ্য বজায় রাখাই প্রতিরোধের উপায়।
ইউরোপীয় ইউনিয়নে মৌপালনে কোনো অ্যান্টিবায়োটিক নিবন্ধিত নেই, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স (AMR) প্রতিরোধের অংশ। অন্যান্য দেশে অক্সিটেট্রাসাইক্লিন, টাইলোসিন ও লিনকোমাইসিন এখনও ব্যবহৃত হয়।এন্টিবায়োটিক চিকিৎসার সীমাবদ্ধতা উল্লেখযোগ্য। এটি মৌমাছির অন্ত্রের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, ফাঙ্গাল ইনফেকশন বাড়ায় এবং এন্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
FAO-এর তথ্য অনুযায়ী, অ্যান্টিমাইক্রোবিয়ালের ওপর নির্ভরতা কমাতে ফেজ থেরাপি ও ভ্যাকসিনেশন নিয়ে গবেষণা চলছে। বিশ্বের প্রথম মৌমাছির টিকা ফাউলব্রুড রোগের বিরুদ্ধে তৈরি হয়েছে। বাংলাদেশের অধিকাংশ মৌচাষী এখনও ছোট আকারে চাষ করেন এবং অনেকেই রোগ শনাক্তকরণ ও প্রতিকারের সঠিক জ্ঞান রাখেন না। তবে বিসিক (BSCIC) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশে প্রচলিত কিছু চিকিৎসা পদ্ধতি, নোজেমা নিয়ন্ত্রণে ফুমাগিলিন ২৫ গ্রাম ১ লিটার চিনির সিরাপের সাথে মিশিয়ে খাওয়ানো বা চাকে স্প্রে করা। ভ্যারোয়া মাইট নিয়ন্ত্রণে মাইট স্প্রে ব্যবহার। ফাউলব্রুড রোগে আক্রান্ত হলেই আক্রান্ত চাক বা কখনও পুরো বাক্স পুড়িয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়। মৌমাছির চিকিৎসায় ঔষধ প্রয়োগের সময় অনেকগুলি বিষয় বিবেচনা করা জরুরি, ঔষধ সঠিক ডোজ ও সঠিক মৌসুমে প্রয়োগ করতে হবে। সাধারণত, ফুলের মৌসুমে মধু সংগ্রহের সময় ঔষধ প্রয়োগ এড়ানো উচিত। একই ঔষধ বারবার ব্যবহারে অণুজীব ও পরজীবীদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এজন্য ঔষধ রোটেশন জরুরি। BSTI-অনুমোদিত ওষুধ ব্যবহার নিশ্চিত করুন।বিশ্বব্যাপী জৈব নিরাপত্তা (Biosecurity) ব্যবস্থার অভাব মৌমাছির রোগ বিস্তারের অন্যতম কারণ। জাতীয় অ্যাকশন প্ল্যানের অভাব নতুন রোগ মোকাবিলায় অগ্রগতিকে পিছিয়ে দিচ্ছে।মৌবাক্স স্থানান্তর ও বাজারজাতকরণের সময় জীবাণুমুক্তকরণ নিশ্চিত করা। আক্রান্ত উপনিবেশের আইসোলেশন ও প্রয়োজনে ধ্বংসের ব্যবস্থা করা। আন্তর্জাতিক গবেষণায় প্ল্যান্ট-বেসড পোলেন সাবস্টিটিউট ডায়েট ও প্রোবায়োটিক নিয়ে আশাপ্রদ ফল পাওয়া গেছে। নিমপাতার নির্যাস, মশলার তেলের মতো প্রাকৃতিক উপাদানের কার্যকারিতা নিয়ে গবেষণা জরুরি।রোগ শনাক্তকরণ ও প্রতিকারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ।ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য মোবাইল অ্যাপ ও হটলাইন সেবা চালু।স্থানীয় ভাষায় সহজবোধ্য গাইডলাইন ও ভিডিও টিউটোরিয়াল তৈরি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেছে। সমন্বিত রোগ ব্যবস্থাপনায় (IDM) একটি আন্তর্জাতিক ও স্থানীয় রোডম্যাপের মাধ্যমে নিয়মিত স্যানিটেশন, পরিষ্কার মৌচাক ও খাদ্য সাপ্লাই, চাকের নিয়মিত পরিদর্শন ও রোগের প্রাথমিক লক্ষণ ধরা, প্রতিরোধী জাত নির্বাচন, রাণী প্রতিস্থাপন, প্রতিরোধ রোধে ওষুধ রোটেশন, ট্র্যাপ ও বায়োটেকনিক্যাল পদ্ধতি, বাংলাদেশের জন্য প্রস্তাবিত IDM কৌশল আগস্ট-অক্টোবর মৌসুমে চিকিৎসা, অ্যান্টিবায়োটিক রোটেশন চার্ট, জৈব অ্যাসিড অ্যাকশন প্ল্যান, ভ্যারোয়ার জন্য অক্সালিক ও ফরমিক অ্যাসিড, প্রাকৃতিক চিকিৎসার ভিডিও লাইব্রেরি, মৌমাছি পালনের প্রতিবন্ধকতা ও রোগ নিয়ন্ত্রণের আলোচনা কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়-এটি মানবসভ্যতার ভবিষ্যৎ রক্ষার প্রশ্ন। সারা বিশ্বে মৌমাছি বিলুপ্তির গতি উদ্বেগজনক । ২০২৪-২৫ সালে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুহার ৬০ শতাংশ।
বাংলাদেশও নিজস্ব কৃষি পরিস্থিতি ও প্রতিকূলতা বুঝে একটি টেকসই জাতীয় মৌপালন নীতি প্রয়োজন। সঠিক প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে শুধু মধু উৎপাদন বাড়ানোই লক্ষ্য নয়, বরং মৌমাছিকে রক্ষা করে পুরো বাস্তুতন্ত্রকে টেকসই করে তোলাই হলো আসল চ্যালেঞ্জ। মৌমাছি একটি "খাদ্য-উৎপাদনকারী প্রাণী" হিসেবে স্বীকৃত হওয়ার পর থেকে মৌচাষ শিল্পে পশুচিকিৎসকদের ভূমিকা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধের প্রেসক্রিপশন এবং নতুন টিকা প্রয়োগ পর্যন্ত, চিকিৎসকরা এখন আধুনিক ও টেকসই মৌচাষের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন।
লেখক: প্রফেসর ডক্টর মো শফিকুল ইসলাম
ফার্মাকোলজি বিভাগ
ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...