Logo Logo

নীলফামারীতে ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি আব্দুস সাত্তার


Splash Image

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে আয়োজিত চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী পরিদর্শনে তিনি কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন ও সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ, কলেজ শাখার সভাপতি মুসা ইসলাম, সেক্রেটারি শওকত স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চিত্রপ্রদর্শনীতে ২০০৬ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিভিন্ন ঘটনার আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিদর্শনকালে নেতৃবৃন্দ প্রদর্শনীর প্রতিটি অংশ ঘুরে ঘুরে দেখেন এবং প্রদর্শিত বিষয়বস্তু সম্পর্কে অবগত হন।

প্রদর্শনী পরিদর্শন শেষে বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সরকারের সমালোচনা করে বলেন, সরকার সংসদে ঘোষণা দিয়েছিল যে জুলাই সনদের দাবি বা রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাঁর ভাষায়, সরকারের এ ধরনের আচরণ দেশকে চরম ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তিনি।

এ ছাড়া তিনি বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন এবং শহীদদের স্মৃতি নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয়। দেশের মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বক্তব্যের শেষে এমন একটি ঐতিহাসিক চিত্রপ্রদর্শনীর আয়োজন করায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শাখাকে ধন্যবাদ জানান অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। একই সঙ্গে আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...