Logo Logo

কোটালীপাড়ায় আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা জব্দ, আড়তদারকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি অবৈধ ও নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রির উদ্দেশ্যে মজুদের অপরাধে আড়ত মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের কিচেন মার্কেটে অবস্থিত ‘মোল্লা মৎস্য আড়ত’-এ বিশেষ এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ এবং কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মোল্লা মৎস্য আড়তে বিপুল পরিমাণ ক্ষতিকর পিরানহা মাছ বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত সংবাদের সত্যতা পেয়ে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে আড়ত থেকে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে পরবর্তীতে তা মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। পাশাপাশি ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আড়ত মালিক ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ বলেন, পিরানহা একটি অত্যন্ত রাক্ষুসে প্রজাতির মাছ। এটি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের মারাত্মক ক্ষতি করে। এসব ক্ষতি বিবেচনা করে বাংলাদেশে পিরানহা মাছের উৎপাদন, চাষাবাদ, পরিবহন, মজুদ ও বিপণন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ প্রজাতির এসব মাছের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...