Logo Logo

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড ও ভাতার নামে অর্থ লেনদেন না করার আহ্বান


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড, বিভিন্ন সরকারি ভাতা ও আর্থিক সহায়তার নামে প্রতারণা এবং অবৈধ অর্থ লেনদেনের অপচেষ্টা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি এক সতর্কবার্তায় এই আহ্বান জানান কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসার এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব এ.বি.এম. সৌরভ রেজা শিহাব।


বিজ্ঞাপন


উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ, ফ্যামিলি কার্ড প্রদান, বেসরকারি এতিমখানার আর্থিক বরাদ্দ, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী পরিচয়পত্র, সমাজকল্যাণ কমিটির আর্থিক অনুদান, বিভিন্ন সরকারি ভাতা এবং ক্ষুদ্র ঋণসহ যেকোনো সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, দালাল বা তৃতীয় পক্ষের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

সরকারি নীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই সকল সুবিধা পাবেন। এসব সেবা গ্রহণের জন্য কোনো ধরনের ঘুষ, অফিস খরচ, চা-নাস্তা বা অন্য কোনো অজুহাতে অর্থ প্রদানের প্রয়োজন নেই। কেউ যদি অফিস বা কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে অর্থ দাবি করে, তবে তা সরাসরি প্রতারণা হিসেবে গণ্য হবে। এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বিষয়টি তাকে সরাসরি বা ইনবক্সে জানানোর অনুরোধ করা হয়েছে, যেন সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সরকারি সেবা সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রদান করা হচ্ছে। তাই কোনো প্রকার গুজব বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

দালালমুক্ত সেবা নিশ্চিত করতে উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে সৌরভ রেজা বলেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিহীন সেবা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...