Logo Logo

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু


Splash Image

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জে এবং অপর একজনের বাড়ি মুন্সিগঞ্জে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকার সমো টাউনের একটি দোকানে আকস্মিক আগুন লাগলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

পরবর্তীতে মঙ্গলবার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মর্মান্তিক এ ঘটনার তথ্য নিশ্চিত করে।

নিহতদের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চারজন এবং পার্শ্ববর্তী বক্তাবলী ইউনিয়নের একজন বাসিন্দা ছিলেন। এছাড়া অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার অধিবাসী। নিহতরা সবাই পরস্পর নিকটাত্মীয়।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তবে এ বিষয়ে সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আসেনি এবং নিহতদের পরিবারের পক্ষ থেকেও এখনো যোগাযোগ করা হয়নি। প্রশাসন থেকে বিষয়টি সার্বিক খতিয়ে দেখা হচ্ছে।

একই কথা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এদিকে প্রিটোরিয়ার বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, খবর পেয়ে হাই কমিশনার শাহ আহমেদ শফী দুপুরের দিকে ঘটনাস্থল কুইন্সটাউনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং নিহত ও আহত বাংলাদেশীদের সার্বিক খোঁজখবর নেবেন।

একই সাথে তিনি স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। উক্ত বৈঠকে অগ্নিকাণ্ডের কারণ ও তদন্তের অগ্রগতি, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং নিহতদের লাশ দ্রুত দেশে প্রেরণের পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...