Logo Logo

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে বন্ধে প্রশাসনের কড়া নজরদারি


Splash Image

ঝালকাঠির সদর উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে ডিজে, লাউডস্পিকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার এবং আশপাশের পর্যটন এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সম্প্রতি কিছু পর্যটকের নৌকা ও ট্রলারে উচ্চস্বরে গান বাজানো এবং লাউডস্পিকার ব্যবহারের কারণে পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি এবং সাধারণ পর্যটকদের ভোগান্তির অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও ট্রলারচালক, পর্যটক এবং সংশ্লিষ্টদের ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে উচ্চশব্দে ডিজে, সাউন্ড সিস্টেম কিংবা লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সতর্ক করে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “ভিমরুলী দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। এখানকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ রক্ষায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলভাবে পর্যটন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন পর্যটকরা। তাদের মতে, শব্দদূষণ নিয়ন্ত্রণ করা গেলে ভিমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের শান্ত, মনোরম ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন থাকবে। একই সঙ্গে পর্যটকরাও আরও আরামদায়ক ও নির্মল পরিবেশে এ অনন্য পর্যটনকেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...