Logo Logo

জার্মানির দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, জারি জরুরি সতর্কতা


Splash Image

ছবিঃ Gulf Times

ইউরোপজুড়ে বয়ে যাওয়া চরম আবহাওয়া ও তীব্র তাপদাহের মধ্যেই এবার ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ জার্মানি। শনিবার দেশটির বাভারিয়া রাজ্যের অ্যামবার্গ-সুলজবাখ জেলার ফ্রয়ডেনবার্গের কাছে একটি গভীর বনাঞ্চলে আগুন লেগে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানটিতে প্রতিকূল আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, বনাঞ্চলে আগুন লাগার পরপরই দ্রুততার সাথে পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩৩০ জন জরুরি উদ্ধারকারী ও দমকলকর্মী মোতায়েন করা হয়। তবে প্রবল বাতাসের তীব্রতা এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ঘটনাস্থলে পৌঁছানো ও আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসে আগুনের শিখা দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে, যা উদ্ধারকর্মীদের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।


বিজ্ঞাপন


জার্মানির স্থানীয় প্রশাসন জানিয়েছে, বনভূমিটির ভূখণ্ড অত্যন্ত দুর্গম হওয়ায় ভারী যন্ত্রপাতি ও অগ্নিনির্বাপক যানবাহন চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না মিললেও বিশাল এলাকার প্রাণ প্রকৃতি ও সম্পদ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

চলতি মৌসুমে সমগ্র ইউরোপজুড়ে যে চরম আবহাওয়া ও তাপপ্রবাহের ঢেউ বইছে, এই দাবানল তারই একটি অংশ। জার্মানির পাশাপাশি বর্তমানে স্পেন, ফ্রান্স এবং গ্রিসের মতো একাধিক ইউরোপীয় দেশ তীব্র তাপপ্রবাহ থেকে সৃষ্ট বিধ্বংসী দাবানলের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চলটিতে শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাস দাবানলের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

জার্মানির বাভারিয়া রাজ্য কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত উদ্ধারকারী দল ও হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। - সুত্র :Gulf Times

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...