Logo Logo

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ


Splash Image

তৈরি পোশাকসহ কয়েকটি প্রধান রপ্তানি খাতের ভালো পারফরম্যান্সের ফলে টানা দ্বিতীয় মাসে পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৪ কোটি ডলারে পৌঁছেছে।


বিজ্ঞাপন


এ নিয়ে টানা দুই মাস দেশের পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশের পণ্য রপ্তানি আয় ছিল ৩৬৩ কোটি ডলার। এক বছরের ব্যবধানে চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ডলার।

সেপ্টেম্বরেও দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ২৮৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

তৈরি পোশাকের পাশাপাশি কয়েকটি নন-আরএমজি খাতেও রপ্তানি আয় বেড়েছে। সেপ্টেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।

এ ছাড়া হোম টেক্সটাইল খাতে রপ্তানি আয় ১৩ দশমিক ৫২ শতাংশ এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি ৩ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

তবে প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ওষুধ শিল্পে। ইপিবির উপাত্ত অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বর মাসে এ খাতের রপ্তানি আয় বেড়েছে ৬৪ দশমিক ৩৩ শতাংশ।

সামগ্রিকভাবে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং ও ওষুধসহ বিভিন্ন খাতে রপ্তানি বৃদ্ধির ফলে সেপ্টেম্বর মাসে দেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রেখেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...