Logo Logo

ভয়াল সিডরের ১৯ বছর

বরগুনার উপকূলে আজও শুকায়নি স্বজন হারানোর ক্ষত


Splash Image

আজ ১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় জনপদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় ছিল বরগুনা। সরকারি হিসাবে সিডরে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ হন আরও ১৫৬ জন।


বিজ্ঞাপন


সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বরগুনার উপকূলের মানুষকে। বিশেষ করে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকার চিত্র ছিল ভয়াবহ। জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট—সবকিছু পরিণত হয় ধ্বংসস্তূপে।

সিডরের পরদিন নলটোনা এলাকায় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া যায় অসংখ্য মরদেহ। কিন্তু মরদেহ দাফনের জন্যও ছিল না পর্যাপ্ত উঁচু জায়গা। পানি তখনও পুরো এলাকা প্লাবিত করে রেখেছিল। কাপড়ের সংকটও ছিল চরম। ফলে অনেক মরদেহকে স্বাভাবিক নিয়মে দাফন করাও সম্ভব হয়নি।

সেই দুর্যোগের সময়ে স্থানীয় যুবক কে এম শফিকুজ্জামান মাহফুজ মরদেহগুলো দাফনের উদ্যোগ নেন। গর্জনবুনিয়া এলাকার উঁচু স্থানে গণকবরের ব্যবস্থা করা হয়। বরগুনা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে সিডরে নিহত ২৯ জনকে ১৯টি কবরে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ওই স্থানটি সিডরে নিহতদের স্মরণে সিডর স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হয়।

সেদিনের ভয়াবহতা স্মরণ করে শফিকুজ্জামান মাহফুজ বলেন, সিডরের পানিতে অনেক পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কোনো কোনো পরিবারে একাধিক সদস্য মারা গেলেও একজন মাত্র সদস্য বেঁচে ছিলেন। লাশ দাফনের মতো জায়গা ছিল না, ছিল না কাফনের কাপড়ও। তাই সীমিত সামর্থ্যের মধ্যেই মরদেহগুলো দাফনের ব্যবস্থা করতে হয়েছিল।

সিডরের ভয়াবহতা শুধু প্রাণহানিতেই সীমাবদ্ধ ছিল না। অসংখ্য মানুষ হারিয়েছিলেন ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকার অবলম্বন। জলোচ্ছ্বাসে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। অনেক মরদেহের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। সিডরের পরও দীর্ঘদিন বিভিন্ন এলাকা থেকে মরদেহ ও মরদেহের অংশবিশেষ উদ্ধারের ঘটনা ঘটেছে।

সেই ভয়াল দিনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর ১৫ নভেম্বর বরগুনায় পালিত হয় সিডর দিবস। বরগুনা প্রেসক্লাব ও জেলা প্রশাসনের উদ্যোগে গণকবরে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।

সিডর চলে গেছে ১৯ বছর আগে। কিন্তু বরগুনার উপকূলের মানুষের কাছে ১৫ নভেম্বর শুধুই একটি তারিখ নয়—এটি স্বজন হারানোর বেদনা, ধ্বংসস্তূপের স্মৃতি এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর এক ভয়াল ইতিহাস।

সিডরের সেই কালো অধ্যায় আজও মনে করিয়ে দেয়—প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়, আর দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো কতটা জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...