Logo Logo

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি


Splash Image

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মোতায়েন করা সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের ভিডিও ধারণ ও সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন তারা।

দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো প্রয়োজনে সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বিজিবি বদ্ধপরিকর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...