বিজ্ঞাপন
সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে প্রাপ্ত ফি আদায়ের তালিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে আদায় করা হচ্ছে। অন্যদিকে, ২০২৬ সালের এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৯০০ টাকা, দুই বিষয়ে ১ হাজার ২৫ টাকা এবং তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ড নির্ধারিত ফির সঙ্গে বিদ্যালয়ের আদায় করা ফির তুলনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪১৫ টাকা এবং মানবিক বিভাগে ৩৮৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের খাত জানতে চাইলে অনলাইন ফি, পিয়ন ফি, যাতায়াত ফি, মিলাদ মাহফিল ফি ও উন্নয়ন ফি হিসেবে এসব টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, বিশেষ করে মিলাদ মাহফিল ও উন্নয়ন ফি স্বেচ্ছামূলক নয়, বরং বাধ্যতামূলকভাবে আদায় করা হচ্ছে। ফলে ফরম পূরণের সময় শিক্ষার্থীদের এসব অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, নিয়মিত ও অকৃতকার্য সব শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা অর্থ বিধানের প্রেক্ষিতেই নেওয়া হচ্ছে। তবে কোন বিধান বা শিক্ষা বোর্ডের নির্দেশনার ভিত্তিতে এসব টাকা আদায় করা হচ্ছে, তা জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অতিরিক্ত অর্থ আদায়ের পক্ষে সুনির্দিষ্ট কোনো পরিপত্র বা অনুমোদিত ফি তালিকাও দেখাতে পারেননি।
অন্যদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসাইনের বক্তব্য, ‘কথা উঠবে, তাই আমরা সরাসরি টাকা না নিয়ে ব্যাংকের মাধ্যমে জমা নিচ্ছি।’ তবে প্রশ্ন উঠেছে, ব্যাংকের মাধ্যমে টাকা জমা নিলেই কি বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বৈধ হয়ে যায়? অর্থ জমার মাধ্যম ব্যাংক হলেও আদায় করা অর্থের পরিমাণ ও খাতের বৈধতা নিশ্চিত করা জরুরি।
সচেতন মহলের প্রশ্ন, বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অনুমোদন কে দিয়েছে? মিলাদ মাহফিল ও উন্নয়ন ফির মতো খাতে বাধ্যতামূলক অর্থ আদায়ের বৈধতা কতটুকু? এসব অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে এবং তার হিসাব অভিভাবকদের সামনে প্রকাশ করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সচেতন মহলের দাবি, বিদ্যালয়টির ফরম পূরণের ফি আদায়ের পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক। একই সঙ্গে আদায় করা অর্থের খাতভিত্তিক হিসাব প্রকাশ এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।
এ বিষয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল সহ অভিভাবকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...