Logo Logo

শিবচরে অসহায় ছাত্রীর পাশে ইউএনও, বিনা খরচে হলো অস্ত্রোপচার


Splash Image

দারিদ্র্যের কারণে থমকে গিয়েছিল চিকিৎসা। মেয়ের অসহ্য যন্ত্রণা চোখের সামনে দেখেও অসহায় বাবা-মায়ের কিছুই করার ছিল না। অর্থের অভাবে আটকে ছিল ১৫ বছর বয়সী কিশোরী জান্নাতুল আক্তারের টনসিলের অস্ত্রোপচার। অবশেষে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের মানবিক উদ্যোগে বিনা মূল্যে সম্পন্ন হয়েছে তার অস্ত্রোপচার। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।


বিজ্ঞাপন


জান্নাতুলের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামে। সে আল-বাইতুল মামুর ফাজিল (সিনিয়র) মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে পাঁচ্চর রয়েল হাসপাতালে তার গলার টনসিলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে ইউএনও নিজে হাসপাতালে গিয়ে জান্নাতুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরিবার সূত্রে জানা যায়, আট বছর বয়সে জান্নাতুলের গলায় টনসিলের সমস্যা দেখা দেয়। শুরুতে সমস্যা তেমন গুরুতর না হলেও গত পাঁচ-ছয় মাসে তা প্রকট আকার ধারণ করে। একপর্যায়ে অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে সে। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দেয়।

কিন্তু জান্নাতুলের বাবা ঢাকায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করেন। পাঁচ সদস্যের সংসারের ব্যয় মেটাতেই তাঁকে হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে মেয়ের অস্ত্রোপচারের ব্যয় বহন করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় সহযোগিতা চেয়েও আশানুরূপ সাড়া পাননি তার মা।

একপর্যায়ে চিকিৎসার সহায়তা চেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সঙ্গে যোগাযোগ করেন জান্নাতুলের মা। অসহায় মায়ের আকুতি শুনে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন ইউএনও। তিনি বিষয়টি নিয়ে শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেন। তাঁর অনুরোধে সমিতির পক্ষ থেকে জান্নাতুলের বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সফল অস্ত্রোপচারের পর স্বস্তি ফিরেছে জান্নাতুলের পরিবারে। মেয়ের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় আবেগাপ্লুত পরিবারের সদস্যরা ইউএনওসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, মেয়ের কষ্ট দেখে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এমন সময়ে ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

শিবচর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি আবুল খায়ের খান বলেন, ইউএনও মহোদয় অসহায় মেয়েটির চিকিৎসার বিষয়টি আমাদের জানালে আমরা সহযোগিতায় এগিয়ে আসি। সমিতির পক্ষ থেকে বিনা মূল্যে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, মেয়েটির অসহায়ত্বের কথা জানতে পেরে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিই। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...