Logo Logo

সার্বিক পরিস্থিতি শান্ত

গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার


Splash Image

গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণহত্যা চালাবে—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন গুজব ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া এ গুজবের জেরে শহর ও আশপাশের বিভিন্ন ইউনিয়নে মসজিদ এবং মাইকে ঘোষণা দিয়ে মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজারো মানুষ রাস্তায় নেমে শোডাউন করেন। তবে এ ঘটনায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের পাশাপাশি মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর ও চন্দ্রদীঘলিয়াসহ বিভিন্ন ইউনিয়নে মসজিদ ও মাইকে ঘোষণা দেওয়া হয়। রাত ১০টার পর লাঠিসোঁটা, রামদা, হকিস্টিক, টেঁটা, ঢাল ও সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে তাঁরা শোডাউন করেন।

পরিস্থিতি শান্ত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা নিজেদের ফেসবুক আইডি থেকে বিজিবিকে নিয়ে ছড়িয়ে পড়া পোস্টটি ভুয়া বলে প্রচার করেন। তবে তাতে তেমন সাড়া না দিয়ে অনেকে গুজবে কান দিয়ে রাত ১২টা পর্যন্ত রাস্তায় অবস্থান করেন। পরে তাঁরা বাড়ি ফিরে যান।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বর্তমানে জেলার পরিস্থিতি শান্ত রয়েছে। সব রুটে যানবাহন চলাচল করছে এবং দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে। জেলার বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা রয়েছে। তবে মানুষের মধ্যে চাপা আতঙ্ক থাকায় শহরে লোকসমাগম তুলনামূলক কম। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কেনাবেচাও কমে গেছে।

রবিবার রাতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাহিনীটির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রমণ করতে প্ররোচিত করার অভিযোগও করেছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, এসব প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালানো হচ্ছে। গোপালগঞ্জের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্ররোচিত করাই এ গুজবের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিজিবি।

বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ শান্তিকামী মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন তাঁরা, যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে।

এ ছাড়া জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...