Logo Logo

সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চায় না বিএনপি : তারেক রহমান


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সাধ্য ও ক্ষমতার বাইরে এমন কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না বিএনপি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জনগণই সব ক্ষমতার উৎস এবং দল সবসময় মানুষের পক্ষে বাস্তবায়নযোগ্য অঙ্গীকার করে থাকে।


বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এরপর তারেক রহমান ঢাকা-১৪ আসনের প্রার্থী সায়েদুল ইসলাম তুলির সমর্থনে পর্যায়ক্রমে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ ও বাড্ডা সাতারকুল সানভ্যালিতে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিন তারেক রহমান নিজ সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকার ইসিবি চত্বর থেকে নির্বাচনী পথসভা শুরু করেন। এরপর তিনি পল্লবীতে ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে বক্তব্য রাখেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোটের দিন নয়, বরং এটি দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। এই নির্বাচনের মাধ্যমেই জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের সম্মান নিশ্চিত করে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এ ছাড়াও তরুণ প্রজন্মের জন্য প্রতিটি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে কারিগরি ও ভাষা শিক্ষার মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পথ সুগম হবে। বিদেশগামী শ্রমিকদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে যাতে কাউকে জমি বিক্রি করতে না হয়।

কৃষকদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে তারেক রহমান জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এ ছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ এবং ঢাকা-১৫ এলাকায় নতুন হাসপাতাল স্থাপনসহ দীর্ঘদিনের ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান নারী শিক্ষা ও ক্ষমতায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা অবৈতনিক করার যে সূচনা করেছিলেন, তা আরও এগিয়ে নেওয়া হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...