Logo Logo

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

কূটনীতি নাকি সংঘাত? দুই পথেই প্রস্তুত ইরান


Splash Image

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে ইরান একটি কূটনৈতিক মীমাংসার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে যে কোনো ধরনের সম্ভাব্য সংঘাতের জন্যও তেহরান সমানভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রভাবশালী গণমাধ্যম 'রাশিয়া টুডে' (আরটি)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

আব্বাস আরাঘচি যুক্তি দেখান যে, কূটনৈতিক সমাধানের বাইরে অন্য কোনো টেকসই পথ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, সামরিক হুমকি বা বোমা হামলার মাধ্যমে প্রযুক্তি ও অগ্রগতি ধ্বংস করা সম্ভব নয়। ওয়াশিংটনের প্রতি ইরানের দীর্ঘদিনের অবিশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "আমাদের এখনও যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই।"

ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশটির সার্বভৌম অধিকার হিসেবে উল্লেখ করে আরাঘচি জানান, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন গ্যারান্টি দিতে তারা প্রস্তুত। উভয় পক্ষের মধ্যে সদিচ্ছা থাকলে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি দাবি করেন। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে আলোচনার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

তিনি জানান, আলোচনার টেবিল কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং অন্য সব দাবি আলোচনার বাইরে রাখা হয়েছে।

মার্কিন পদক্ষেপ মোকাবিলায় ইরানের সক্ষমতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর থেকে ইরান তার সামরিক শক্তি পরিমাণ ও গুণগত—উভয় দিক থেকেই ব্যাপক উন্নত করেছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন 'যুদ্ধবাজ' হিসেবে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, নেতানিয়াহু ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে একটি বড় যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আরাঘচি বলেন, "যদি তারা আলোচনার বিষয়ে সিরিয়াস হয়, তবে আমরাও সিরিয়াস।" তবে আলোচনার পাশাপাশি সামরিক পদক্ষেপ চলবে না—এমন গ্যারান্টি দেওয়ার দায়িত্ব এখন ওয়াশিংটনের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন।

ইরান যুদ্ধ এবং কূটনীতি উভয় বিষয়েই শিক্ষা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখন যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...