Logo Logo

গোপালগঞ্জে ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলার পাঁচটি উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত ত্রিস্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স ও সিলসহ সকল প্রয়োজনীয় সরঞ্জাম সর্বোচ্চ নিরাপত্তার সাথে বিতরণ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে। বিশেষ করে সংবেদনশীল কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করতে এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নির্বাচনী কাজে কোনো শিথিলতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

জেলা প্রশাসন ও যৌথবাহিনীর পক্ষ থেকে সাধারণ ভোটারদের নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সাথে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে জনগণের সক্রিয় সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...