বিজ্ঞাপন
নিহতরা হলেন— কুষ্টিয়ার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের জামাতা ও সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০)। এছাড়াও নিহত হয়েছেন খাজানগর এলাকার আশরাফুল (২৮) ও তাঁর স্ত্রী শিরিনা খাতুন (২০)।
জানা গেছে, আমেনা ও কমেলা খাতুন রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি খাজানগরে ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিটি কুষ্টিয়া শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর বাইপাস সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ছুটে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনকার্যের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং বিআরটিএর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের যাবতীয় ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...