Logo Logo

গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে অ্যাম্বুলেন্স ও গণপরিবহন


Splash Image

গোপালগঞ্জ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গত দুইদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চালক, পরিবহন মালিক ও সাধারণ চালকরা।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) জেলার বেশ কিছু পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ শত শত যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। অনেক পাম্পে তেল না থাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে।

পাম্প সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বর্তমানে অধিকাংশ পাম্পে গাড়িপ্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। এতে দূরপাল্লার ও স্থানীয় রুটের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সবচেয়ে সংকটে পড়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। একজন চালক ক্ষোভ প্রকাশ করে জানান, মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরতে হচ্ছে, যা জরুরি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুইদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। মজুত ফুরিয়ে আসায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন। আগামী রবিবারের মধ্যে নতুন সরবরাহ না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

হঠাৎ এই জ্বালানি সংকটে জেলার পুরো পরিবহন খাতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...