Logo Logo

মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি হত্যা প্ররোচনা মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার লীলফা এলাকার মো. আবু তালেব শেখ (৪০), তার স্ত্রী মুক্তা রিমা বেগম (৪০) এবং তাদের ছেলে মো. সজীব ইসলাম জয় (২২)।

র‍্যাব সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার চিতলমারী থানায় চলতি বছরের ৭ জানুয়ারি দায়েরকৃত একটি হত্যা প্ররোচনা মামলায় (মামলা নং-০৩) এই আসামিরা এজাহারভুক্ত ছিলেন। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে চলে যান। র‍্যাব দীর্ঘদিন ধরে তাদের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ইনফিনিক্স (Infinix), একটি স্যামসাং গ্যালাক্সি (Samsung Galaxy), একটি সিম্ফনি (Symphony) এবং একটি নোকিয়া (Nokia) বাটন ফোন জব্দ করা হয়। তদন্ত কর্মকর্তাদের মতে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা সম্ভব হতে পারে।

র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তিনি আরও জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...