Logo Logo

কোটালীপাড়ায় ফিলিং স্টেশনে প্রশাসনের মনিটরিং জোরদার


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বাজারে তেলের কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম রোধে উপজেলা প্রশাসন বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) কোটালীপাড়া উপজেলার একাধিক ফিলিং স্টেশন পরিদর্শন করে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় স্টেশন মালিক ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। পরিদর্শনের সময় তিনি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল মজুদ রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সরকারি মূল্যে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন।

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। এমন অভিযোগ পাওয়া গেলে বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তদারকি কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে বলে আশা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...