বিজ্ঞাপন
র্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার অটোরিকশা চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এজাহারভুক্ত আসামি মো. শাহজাহান শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহজাহান শেখ রাজবাড়ী জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল আলী শেখের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ অটোরিকশা চালক ফারুক তালুকদার (৪০) রাজবাড়ী জেলার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে কয়েকজন যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ফারুক তালুকদারের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। এ ঘটনায় পরদিন ৭ মার্চ নিহতের ভাই হান্নান তালুকদার ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৮, তারিখ: ০৭/০৩/২০২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যতম আসামি শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানিয়েছেন, তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...