Logo Logo

শিবচরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন


Splash Image

বাঙালি জাতির অহংকার, আত্মমর্যাদা ও শৃঙ্খল মুক্তির দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার গ্লানি মুছে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। সেই ঐতিহাসিক চেতনাকে ধারণ করে মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন।

দিবসটি উপলক্ষে সকাল ৯ ঘটিকায় শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন সেরনিয়াবাদ। এ সময় উপস্থিত ছিলেন শিবচরের বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও চেতনা ফুটিয়ে তুলে বিভিন্ন অভিনয় ও নৃত্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিবচরের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিবচরবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...