Logo Logo

ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীকে হত্যাচেষ্টা! হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত


Splash Image

শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও, গোপালগঞ্জে ঘটেছে ঠিক তার উল্টো চিত্র। গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ওপর সশস্ত্র ও বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। পূর্বপরিকল্পিত এই হামলায় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী লিটন উদ্দীন (২৫) গোপালগঞ্জ সরকারি কলেজের শহীদ মাহাবুব ও শহীদ সন্তোষ ছাত্রাবাসের ৩০৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে লিটন নিজ কক্ষে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, এসময় একই ছাত্রাবাসের শিক্ষার্থী ইয়াছিন শেখ (২৪) ও সোহান শেখের (২৪) নেতৃত্বে অজ্ঞাত আরও ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে লিটনের কক্ষে প্রবেশ করে।

ভুক্তভোগী লিটনের দাবি, হামলাকারীরা কক্ষে ঢুকেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেঝেতে লুটিয়ে পড়ার পরও তাকে লাথি মারা হয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা কক্ষ ত্যাগ করে।

পরে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থী ও বন্ধুরা মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কিছুটা সুস্থ হয়ে লিটন উদ্দীন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের এক কর্মকর্তা ভোরের বাণীকে জানিয়েছেন, অভিযোগের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...