Logo Logo

গোপালগঞ্জের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ রাসেলের ৫ বছরের কারাদন্ড, স্বস্তি এলাকাবাসীর


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান রাসেলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৪ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) গোপালগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াসিন আরাফাত জিআর ৩৪৬/২৩ মামলার এই রায় ঘোষণা করেন।

একই রায়ে রাসেলের দুই সহযোগী এসএস সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ এবং আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহকেও সমপরিমাণ সাজা প্রদান করা হয়েছে। চাঞ্চল্যকর এই রায়ের পর কাশিয়ানীর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং অনেককে মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা গেছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ কাশিয়ানী থানায় রাসেলের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪১/৫০৬ দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয় (মামলা নং- ১১/৩/২০২৩)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী এম এ আলম সেলিম এবং অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মেহেদী হাসান রাসেল (৩৪) কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় কুখ্যাত 'রাসেল বাহিনী'র প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, খুন ও ধর্ষণসহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে এই বাহিনী ভাড়াটে খুনি হিসেবে কাজ করে বলেও জানা যায়।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, অদৃশ্য প্রভাবে জামিনে বেরিয়ে এসে সে পুনরায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ইতিপূর্বে তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে পুলিশ ব্যর্থ হয়েছে মর্মেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

কাশিয়ানী থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলার এজাহার রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...