Logo Logo

গোপালগঞ্জে জ্বালানি তেল বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযথ নজরদারির অভাবে সাধারণ গ্রাহকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না বলে জানা গেছে। তেলের কৃত্রিম সংকট তৈরি করে এক শ্রেণির অসাধু চক্র ফায়দা লুটছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) সরেজমিনে জেলা শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারেননি অনেক চালক। পাম্প কর্তৃপক্ষ তেলের মজুত কম থাকার অজুহাত দেখালেও পর্দার আড়ালে ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে।

সাধারণ গ্রাহকদের অভিযোগ, তারা যখন তেলের জন্য হাহাকার করছেন, তখন অনেক প্রভাবশালী ও অসাধু চক্রকে নিয়মবহির্ভূতভাবে বড় বড় ড্রাম, বোতল এমনকি অতিরিক্ত ট্যাংকি ভরে তেল নিয়ে যেতে দেখা গেছে। পাম্প কর্মচারীদের সাথে যোগসাজশ করে এক শ্রেণির মজুতদার এভাবে তেল সরিয়ে ফেলছে, যার ফলে বাজারে তীব্র কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

এই অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি সেবা প্রদানকারী ও সাধারণ নিম্নআয়ের মানুষ। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে এবং তেলের অনিশ্চয়তায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং ড্রাম বা বোতলে অবৈধভাবে তেল বিক্রি বন্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অব্যবস্থাপনা দূর করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...