Logo Logo

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্বোধন


Splash Image

দীর্ঘ ৪৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নীলফামারীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ: ৩৪৪৬)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে এই নতুন যাত্রার সূচনা হয়।

জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা জজ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু মো. সোয়েম।

অনুষ্ঠানের শুরুতে জেলা ও উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। আলোচনা সভায় বক্তারা নীলফামারীতে দীর্ঘ কয়েক দশক পর এই ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ায় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সচেতন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নের প্রধান মাপকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। দেশের সার্বিক উন্নয়নে পরিবহন খাতের ভূমিকা অনস্বীকার্য। তবে বিভিন্ন সময়ে সিন্ডিকেটের কারণে এই খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিবহন খাতে স্বচ্ছতা ফেরাতে এবং সব ধরণের সিন্ডিকেট নির্মূল করতে প্রশাসন ও সাধারণ জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ শ্রমিকদের সুখ-দুঃখের প্রকৃত সাথী হতে হবে। সংগঠনে কোনো প্রকার বৈষম্য সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান, সহ-সভাপতি মজনু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, শ্রমিক নেতা বজলার রহমান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নতুন এই সংগঠনের আত্মপ্রকাশে স্থানীয় পরিবহন শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...