Logo Logo

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে একই ব্যক্তিকে একাধিক পদে না রাখার আহ্বান জানিয়েছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। তিনি বলেন, একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হন, ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই একজন ব্যক্তি একটি কমিটিতেই দায়িত্ব পালন করলেই কার্যকারিতা বাড়বে।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

ডাঃ বাবর আরও বলেন, জেলার মাদ্রাসাগুলোতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন কোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, জেলার তিন সংসদ সদস্যই এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন। এছাড়া পৌর এলাকায় অটোরিকশা, মাহেন্দ্রা ও সিএনজি চালকদের কাছ থেকে দৈনিক ১০ টাকা পার্কিং ফি আদায় না করার নির্দেশনা দেন তিনি।

ভূমি জরিপে স্বচ্ছতা বজায় রাখতে সদর উপজেলার ঘোষেরচর মৌজায় চলমান জরিপ কার্যক্রমে যেন কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর নজরদারির আহ্বান জানান। একইসঙ্গে তেল সংকট নিরসনে শহরের মান্দারতলা এলাকার একটি বন্ধ পেট্রোল পাম্পে পুনরায় সরবরাহ চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তেল সংকট নিয়ে শিগগিরই দিকনির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি। এছাড়া তিন সংসদ সদস্যের প্রচেষ্টায় শিগগিরই ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে—গুজব ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাজার মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

মুক্ত আলোচনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের বলেন, ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কের পাশে নির্মাণাধীন দোকানগুলো নিয়ম অনুযায়ী ভাড়া দিলে সরকার রাজস্ব আয় বাড়াতে পারবে। পাশাপাশি ঘোনাপাড়া রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু শহরে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজটের বিষয়টি তুলে ধরে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া বৈধ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে সরকারি দামে জ্বালানি বিক্রির সুযোগ দিলে পেট্রোল পাম্পে চাপ কমবে বলে মত দেন তিনি।

জেলা জামায়াতের আমীর এস এম রেজাউল করিম পৌর এলাকায় থ্রি-হুইলার থেকে পার্কিং চার্জ আদায় বন্ধের দাবি জানান।

চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূমি জরিপে প্রশাসনিক কর্মকর্তাদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়ে বলেন, এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অনিয়ম কমবে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা যানজট নিরসনে মধুমতি লেকপাড় সড়কের অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণের দাবি তুললে প্রেসক্লাব সভাপতি বি এম জুবায়ের বলেন, এসব স্পিড ব্রেকার দুর্ঘটনা রোধে স্থাপন করা হয়েছে, তাই তা অপসারণ যুক্তিযুক্ত হবে না।

সভায় জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক জানান, জেলায় হামে আক্রান্ত শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। শিগগিরই হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে এবং কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুরাও এর আওতায় আসবে।

এদিকে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানান, ১০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মাদকসহ বিভিন্ন মামলায় ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মাদক মামলায় ৫২ জন এবং অন্যান্য মামলায় ৭২ জন রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০,২০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধারসহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার বলেন, জেলার প্রায় ১৪-১৫ লাখ মানুষের বিপরীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ১০০০-১২০০। সমাজের মাত্র ৫ শতাংশ মানুষ সহযোগিতা করলেই অপরাধ অনেকাংশে কমে আসবে। এজন্য কমিউনিটি পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মানবাধিকার কর্মী কে এম সাইফুর রহমান বাজারে গরুর মাংস বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে কঠোর মনিটরিংয়ের দাবি জানান।

এছাড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান জেলা পরিষদের সম্পদ দখলমুক্ত করে আয় বাড়ানোর আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...