বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শিবচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরতে ব্যবহৃত হয় নানা ধরনের প্ল্যাকার্ড, মাটির সরা, লোকজ পুতুল ও ঐতিহ্যবাহী উপকরণ।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় পান্তা-ইলিশের ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা লোকগীতি, বাউল গান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা চত্বরে বসে বৈশাখী মেলা। মেলায় দেশীয় পণ্য, মাটির তৈরি খেলনা, কুটির শিল্প ও ঐতিহ্যবাহী খাবারের পসরা নিয়ে অংশ নেন স্থানীয় ব্যবসায়ীরা। মেলাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
বর্ণাঢ্য আয়োজন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এবারের বাংলা নববর্ষ উদযাপন শিবচরবাসীর জন্য হয়ে ওঠে এক মিলনমেলা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে নতুন বছরকে স্বাগত জানানোর এই আয়োজন সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...