Logo Logo

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত


Splash Image

ফরিদপুর শহরের মেরিন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেরিবাঁধ সংলগ্ন পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী এবং শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে।

এই ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আকাশ একটি ১০০ সিসি মোটরসাইকেলে উপাসনাকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে শহরের দিকে আসছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা লাগলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আকাশের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরি ট্রাকের চালক হেলপার হোসেন মোল্লাকে (১৯) হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...